স্পোর্টস ডেস্ক

ঝকঝকে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ফুটবলের বিপুল অর্থের ঝনঝনানি—এসবের ভিড়ে নিজেকে খুব একটা মেলে ধরেন না অ্যান্থনি গর্ডন। এগুলো তাকে যে সেভাবে টানেও না। ২৫ বছর বয়সি এই ইংলিশ উইঙ্গার বরং নিজেকে ভাবেন অন্য এক সময়ের মানুষ, যা মনে হয় নব্বইয়ের দশকে জন্মালে হয়তো বেশি মানাত। দাবার ছকে তিন চাল পরের হিসাব কষতে ভালোবাসা গর্ডনের অবসরের সঙ্গী বই, প্যাডেল টেনিস আর বক্সিং। ঠিক যেন কোলাহল এড়িয়ে নিজের ছন্দে বাঁচতে চাওয়া এক শান্ত মানুষ।


সেই শান্তির খোঁজেই বার্সেলোনার সমুদ্র ঘেঁষা কাস্তেলদেফেলসে ঠিকানা গেড়েছেন গর্ডন। সাবেক বার্সা ডিফেন্ডার মার্ক বার্ত্রার মালিকানাধীন যে বাড়িতে গত গ্রীষ্ম পর্যন্ত থাকতেন রবার্ট লেভানডভস্কি, সেখানেই এখন গর্ডনের সংসার। কাতালান শহরে পা রাখার আগেই স্প্যানিশ ভাষা রপ্ত করার চেষ্টা শুরু করে দিয়েছেন তিনি, এখনো শিখছেন। কাতালান ভাষাতেও রয়েছে কৌতূহল। নতুন ড্রেসিংরুমেও দ্রুত মিশে গেছেন—ইংরেজিতে স্বচ্ছন্দ এরিক গার্সিয়া ও দানি ওলমোর পাশাপাশি পেদ্রির সঙ্গেও জমে উঠেছে সখ্য। গর্ডনের সরল স্বীকারোক্তিÑভালো মানুষের সঙ্গই তাকে স্বস্তি দেয়।


অথচ বার্সেলোনার জার্সি গায়ে তোলার পথটা মোটেও মসৃণ ছিল না। প্রিমিয়ার লিগ থেকে লিভারপুল ও চেলসির ডাক ছিল, কথা হয়েছিল মিকেল আর্তেতার সঙ্গেও। বায়ার্ন মিউনিখও চেয়েছিল তাকে; আলোচনা হয়েছিল ভিনসেন্ট কোম্পানির সঙ্গে। তবু গর্ডন ঝুঁকেছেন ডেকো আর হ্যান্সি ফ্লিকের পরিকল্পনার দিকে। ক্রীড়া পরিচালক ডেকোর বার্তা আর কোচ ফ্লিকের কৌশলগত রূপরেখাই তাকে টেনে আনে ন্যু ক্যাম্পের আঙিনায়। দলবদলের বাজারে অর্থ খরচ করে বার্সেলোনার কেনা দ্বিতীয় ইংলিশ ফুটবলার তিনি—গ্যারি লিনেকারের পর। মাঝে অবশ্য ধারে এসেছিলেন মার্কাস রাশফোর্ড।


তার চোখ বড় মঞ্চে। শিরোপা জয়, বিশ্বসেরাদের কাতারে জায়গা করে নেওয়া এবং ফুটবলের প্রভাবশালী নাম হয়ে ওঠা।


মাঠে গর্ডনের শুরুর গল্পটা তাই কেবল গোলের পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। ১৭ ম্যাচে পাঁচ গোল ও চার অ্যাসিস্ট। গত সপ্তাহে বাকুতে চ্যাম্পিয়নস লিগে সাবাহর বিপক্ষে জোড়া গোলও করেছেন; কিন্তু বার্সেলোনায় তার আসল দাম গোলের বাইরে তার অক্লান্ত পরিশ্রমে। প্রেসিং আর দৌড়ের এমন ক্ষুধা দেখে ক্লাবের অন্দরেই তাকে বলা হচ্ছে ‘আরেক রাফিনহা’।


ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার মতো গর্ডনের এই নিরন্তর পরিশ্রম ফ্লিকের হাই ইন্টেনসিটি ফুটবলে বাড়তি জ্বালানি জোগাচ্ছে। তার রক্ষণাত্মক দৌড়ঝাঁপ লামিনে ইয়ামালকে কিছুটা নির্ভার করে আক্রমণে আরো শান দেওয়ার সুযোগ করে দিচ্ছে। ইংল্যান্ডের বক্স-টু-বক্স ফুটবলের ধাঁচ থেকে বেরিয়ে এখন তিনি শিখছেন জায়গা বুঝে খেলা, পজিশন ধরে রাখা এবং সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কৌশল। ড্রিবল, পাস কিংবা বিকল্প সমাধান—কোথায় কী করা উচিত, তা আরো নিখুঁত করতে চান তিনি। নিজেই বলেছেন, ‘আমি এখনো শিখছি।’


একদিকে দাবার মতো ধীরস্থির মন, অন্যদিকে মাঠে ‘আরেক রাফিনহা’র মতো অবিরাম ছোটা—এ দুইয়ের মিশেলেই বার্সেলোনায় নিজের জায়গা পোক্ত করছেন গর্ডন। সাবাহর বিপক্ষে দুই গোল তার কাছে কেবল পর্দা ওঠার দৃশ্য; সামনে আরো বড় কিছুর অপেক্ষায় এগিয়ে চলেছেন এই ইংলিশ তারকা।