পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত, মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট

হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা সেতুর দুই প্রান্তে আটকা পড়েন যাত্রীরা। ছবি:


মুন্সীগঞ্জ প্রতিনিধি


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শরীয়তপুরের জাজিরা গোলচত্বরে বিএনপির একটি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনার পর সেতুতে যান চলাচল বিঘ্নিত হয়। এতে মাওয়া প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।


রোববার ভোর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তর প্রান্তের মাওয়া টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। একপর্যায়ে গাড়ির সারি টোল প্লাজা ছাড়িয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত পৌঁছে যায়।


পদ্মা সেতুর দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, রোববার সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সেতুতে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। অপর প্রান্তে গিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে সাময়িকভাবে মাওয়া টোল প্লাজা বন্ধ রাখা হয়েছিল।


স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ভোরে জাজিরা গোলচত্বরে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এ সময় সেখানে থাকা বিএনপির একটি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সেতুতে অবরোধ সৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।


হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা সেতুর দুই প্রান্তে আটকা পড়েন যাত্রীরা। বিশেষ করে মাওয়া প্রান্তে দীর্ঘ যানজটে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা ভোগান্তিতে পড়েন।