এটিএম রেজাউল হক রতন মারা গেছেন
এটিএম রেজাউল হক রতন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন। এ ছাড়া পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। তার বাবা এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
রোববার বাদ জোহর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বড় ভাইয়ের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।






