পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি ও তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
অগ্রহায়ণের মাঝামাঝিতে উত্তরের হিমেল বাতাসে শীতের প্রকোপ বাড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দিনের তুলনায় ভোর ও সকালে ঠান্ডার অনুভূতি বেশি। রোববার সেখানে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা ছয় দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে। এতে ভোরে কাজে বের হওয়া নিম্নআয়ের ও শ্রমজীবী মানুষ পড়েছেন ভোগান্তিতে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, সকাল ৯টায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় তাপমাত্রা কমছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা ছিল ১৪ ডিগ্রি। এর আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় পাথর শ্রমিক জাহিরুল বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে সকালে ঠান্ডা ও হিমেল বাতাস বেশি অনুভূত হয়েছে। জীবিকার তাগিদে ভোরেই কাজে বের হতে হয়। এ সময় ঠান্ডার মধ্যে কাজ করা খুব কষ্টকর। পানি বরফের মতো ঠান্ডা মনে হয়। এতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।






