নিজস্ব প্রতিবেদক
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, ‘আমাদের সকলের মাতৃভূমি বাংলাদেশ। এখানে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে এবং সরকার আপনাদের সব ধরনের সহযোগিতা করবে। নিজেদেরকে সংখ্যালঘু বলে ভাববেন না। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলাদেশী। এখানে ‘সংখ্যালঘু’ বলতে কোনো শব্দ নেই।’
রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুরের কাউখালীস্থ শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবের সমাপনী মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আশ্রম কর্তৃপক্ষ মন্দিরের বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি তুলে ধরে কাউখালীতে একটি ‘মডেল মন্দির’ নির্মাণের দাবি জানালে জবাবে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর আশ্রম কর্তৃপক্ষের দাবিগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘দেশটা আমাদের সবার এবং সবাইকে মিলেমিশে একে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।’
সমাপনী মহোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন।
আশ্রমের নির্বাহী সভাপতি পরিমল কর্মকার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডলসহ স্থানীয় নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন সুব্রত রায় ও ভক্ত কর্মকার।






