বিনোদন ডেস্ক
হলিউডে একটা সময় ৪০ বছর পেরোলেই অভিনেত্রীদের জন্য কাজের সুযোগ কমে যেত। বয়সের সঙ্গে সঙ্গে হারিয়ে যেত নায়িকা হওয়ার সম্ভাবনা, কমে আসত গুরুত্বপূর্ণ চরিত্রের সংখ্যাও। সেই বাস্তবতা বদলাচ্ছে বলে মনে করেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। তাঁর নিজের ক্যারিয়ারও এর বড় উদাহরণ। ৫০ বছর বয়সে জেমস বন্ডের ছবিতে অভিনয় করে ইতিহাস গড়েছেন তিনি। এবার হলিউডের বয়সবাদ, পর্দায় নগ্নতা, নারী নির্মাতাদের সঙ্গে কাজ ও নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বললেন এই অভিনেত্রী।
সম্প্রতি মরক্কোর মারাকেশ চলচ্চিত্র উৎসবে আয়োজিত এক বিশেষ মাস্টারক্লাসে অংশ নেন মনিকা। আলোচনাটি সঞ্চালনা করে ভ্যারাইটি। সেখানে উঠে আসে তাঁর অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, আলোচিত সিনেমা ও চলচ্চিত্রশিল্পে নারীদের অবস্থান। ২০১৫ সালে মুক্তি পাওয়া স্যাম মেন্ডেস পরিচালিত ‘স্পেকটার’ ছবিতে অভিনয়ের সময় মনিকার বয়স ছিল ৫০ বছর। জেমস বন্ড সিরিজের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়সী অভিনেত্রী, যিনি বন্ডের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। সাধারণত এই সিরিজের নারী চরিত্রগুলোকে তরুণী হিসেবে উপস্থাপন করা হয়। সেই প্রচলিত ধারণা ভেঙে মনিকাকে বেছে নিয়েছিলেন পরিচালক।
মনিকা জানান, স্যাম মেন্ডেস তাঁকে বলেছিলেন, তাঁর জন্য একটি শক্তিশালী ও ব্যতিক্রমী চরিত্র ভেবেছেন। এমন চরিত্র, যা দর্শকদের অবাক করবে ও কিছুটা বিপ্লবীও। পরিচালক একজন পরিণত বয়সী নারীকে পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন। বিষয়টি মনিকার কাছে ভালো লেগেছিল। তাঁর ভাষায়, ‘আমি তখন ৫০। এর আগে ৫০ বছর বয়সী কোনো নারীকে বন্ডের নারী চরিত্রে দেখিনি। তাই আমিই সম্ভবত জেমস বন্ড সিরিজের সবচেয়ে বেশি বয়সী বন্ড নারী।’
৫০ বছর বয়সে নতুন করে শুরু‘স্পেকটার’ ও সার্বীয় নির্মাতা এমির কুস্তুরিকার ‘অন দ্য মিল্কি রোড’—দুটি ছবিই মনিকার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ৫০ বছরে পা দেওয়ার সময় একজন অভিনেত্রী হিসেবে নানা পরিবর্তনের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। ওই সময় দুটি শক্তিশালী চরিত্র পাওয়াকে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা বলে মনে করেন তিনি।মনিকার অভিনয়জীবন গড়ে উঠেছে ফ্রান্সিস ফোর্ড কপোলা, জুসেপ্পে তর্নাতোরে, গ্যাসপার নোয়ে ও ডেভিড লিঞ্চের মতো নির্মাতাদের সঙ্গে কাজের মধ্য দিয়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নারী পরিচালকদের সঙ্গে কাজের সুযোগ বেড়েছে। এতে বেশ আনন্দিত তিনি।
নারী নির্মাতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে মনিকা উল্লেখ করেন অ্যালিস ররওয়াচারের ‘দ্য ওয়ান্ডার্স’, রেবেকা মিলারের ‘দ্য প্রাইভেট লাইভস অব পিপ্পা লি’, কাওথার বেন হানিয়ার ‘দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন’ এবং লেয়া মিসিয়ুসের ‘বার্থডে গার্ল’-এর কথা। শেষ ছবিটি এ বছরের কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছিল।
মনিকা বলেন, ‘আমি যখন তরুণী ছিলাম, তখন নারী পরিচালকের সংখ্যা এত বেশি ছিল না। এখন চলচ্চিত্রের সেটে নারী পরিচালক, চিত্রনাট্যকার, এমনকি কারিগরি বিভাগের কর্মীদেরও অনেক বেশি দেখা যাচ্ছে। আমরা একেবারেই নতুন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’
তাঁর মতে, নারী নির্মাতাদের গল্প বলার ধরনে কখনো কখনো ভিন্ন দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। নারীদের মধ্যে এমন এক ধরনের বোঝাপড়া তৈরি হয়, যেখানে অনেক সময় কথা না বলেও একে অপরের অনুভূতি বুঝে নেওয়া সম্ভব। তাই সুযোগ পেলেই নারী পরিচালকদের সঙ্গে কাজ করতে চান তিনি।
৪০ পেরোনো অভিনেত্রীদের পথ দেখিয়েছেন যাঁরাএকসময় চল্লিশোর্ধ্ব অভিনেত্রীদের জন্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়া কঠিন ছিল। বিষয়টি নিয়ে মনিকা বলেন, ‘চল্লিশ, পঞ্চাশ ও ষাটের দশকে ৪০ বছরের বেশি বয়সী কোনো নারীর অভিনয়জীবন চালিয়ে যাওয়া খুব কঠিন ছিল। তিনি যত মেধাবীই হোন না কেন, তাঁর সব যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ কমে যেত। এখন সেই পরিস্থিতি বদলেছে।’
এই পরিবর্তনের পেছনে কয়েকজন অভিনেত্রীর অবদানও স্বীকার করেন তিনি। তাঁদের মধ্যে রয়েছেন সুসান সারান্ডন, জুডি ডেঞ্চ, জেমি লি কার্টিস ও মেরিল স্ট্রিপ। বয়স বাড়লেও যাঁরা পর্দায় গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে যাচ্ছেন।বিশেষ করে মেরিল স্ট্রিপের প্রশংসা করে মনিকা বলেন, ‘তিনি ভীষণ সাহসী, অসাধারণ একজন অভিনেত্রী। এমন আরও কয়েকজন অভিনেত্রী রয়েছেন, যাঁরা নিজেদের মতো করে স্বাধীন।’
মনিকার নিজের অভিনয়ের ধরনও বয়সের সঙ্গে বদলেছে। তিনি মনে করেন, একজন অভিনেতার শরীরই তাঁর কাজের প্রধান উপকরণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই উপকরণ বদলায়, বদলে যায় চরিত্রের ধরনও। জীবনের অভিজ্ঞতা তখন অভিনয়ে নতুন মাত্রা যোগ করে।
‘ম্যালেনা’ থেকে নগ্নতা নিয়ে নতুন ভাবনামনিকার ক্যারিয়ারের অন্যতম আলোচিত ছবি জুসেপ্পে তর্নাতোরের ‘ম্যালেনা’। ২০০০ সালে মুক্তি পাওয়া ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সিসিলির এক তরুণীকে কেন্দ্র করে। গ্রামের পুরুষদের আকাঙ্ক্ষা, নারীদের ঈর্ষা এবং শেষ পর্যন্ত এক নারীর ওপর নেমে আসা সহিংসতার গল্প বলেছে ছবিটি। ছবিটি দুটি অস্কার মনোনয়নও পেয়েছিল।মনিকা জানান, ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। দিনে তিনটি করে সিনেমা দেখতেন। ইতালিতে মডেলিং করার সময় ডলচে অ্যান্ড গাবানার একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে পরিচালক তর্নাতোরের সঙ্গে পরিচয় হয় তাঁর। চার বছর পর ‘আন্ডার সাসপিশন’ ছবির শুটিংয়ের সময় তর্নাতোরে তাঁকে ‘ম্যালেনা’র প্রধান চরিত্রের প্রস্তাব দেন। চিত্রনাট্যটিও তাঁর কথা ভেবেই লেখা হয়েছিল।ছবিটিতে বেশ কিছু সাহসী দৃশ্য ও নগ্নতার প্রয়োজন হয়েছিল। মনিকা জানান, ফ্যাশন–জগতে কাজ করার অভিজ্ঞতা তাঁকে নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ হতে সাহায্য করেছিল। তাই দৃশ্যগুলোকে তিনি স্বাভাবিকভাবেই নিয়েছিলেন।
পর্দায় নগ্নতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মনিকা বলেন, ‘আজও আমার মনে হয়, নগ্নতা কোনো চরিত্রকে জীবন্ত করে তুলতে সাহায্য করতে পারে। “আনোরা” কিংবা “পুওর থিংস”-এর মতো সিনেমায় অভিনেত্রীদের শরীর চরিত্র নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
তাঁর মতে, কোনো চরিত্রের প্রয়োজনে নগ্নতা থাকলে সেটি অভিনয়েরই একটি উপকরণ। নিজেকে প্রদর্শনের বিষয় নয়। মনিকার কথায়, ‘আপনি যখন কোনো চরিত্রে অভিনয় করেন, সেই চরিত্রের প্রয়োজনে নগ্নতা থাকলে সেটি কেবল কাজের একটি উপকরণ। নিজেকে প্রদর্শনের কোনো উপায় নয়। বরং এটি অনেকটা পোশাকের মতো, যা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে।’
মেল গিবসনের সঙ্গে কাজ, অনুশোচনা নেইআলোচনায় উঠে আসে মেল গিবসন পরিচালিত বিতর্কিত ছবি ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’-এর প্রসঙ্গও। ২০০৪ সালে মুক্তি পাওয়া ছবিটিতে যিশুর অনুসারী মেরি ম্যাগডালিনের চরিত্রে অভিনয় করেছিলেন মনিকা।
সে সময় তাঁর হাতে আরেকটি অ্যাকশন ছবির প্রস্তাবও ছিল। কিন্তু মেল গিবসনের সঙ্গে কাজ করার আগ্রহ থেকেই বেছে নেন ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’। গিবসনের আগের কিছু সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। তাই তাঁর পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন।
ছবিটি মুক্তির পর এর ভয়াবহ সহিংস দৃশ্য এবং ইহুদি চরিত্রগুলোর উপস্থাপন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক তৈরি হয়। তবে ছবিটি বিশ্বব্যাপী ৬১ কোটি ১০ লাখ ডলারের বেশি আয় করে। এত বিতর্কের পরও ছবিতে অভিনয় নিয়ে কোনো অনুশোচনা নেই মনিকার।
তিনি বলেন, ‘কোনো সিনেমা যদি আলোচনা ও বিতর্ক তৈরি করে, তাহলে আমার মনে হয় সেটি নির্মাণ করা গুরুত্বপূর্ণ ছিল। কারণ, আলোচনা ও মতবিনিময়ের মধ্যেই সিনেমার শক্তি।’
মেরি ম্যাগডালিনের চরিত্রটিকে তিনি দেখেছেন একজন সাধারণ, মানবিক নারী হিসেবে। এমন একজন নারী, যিনি নিজের চেয়ে বড় কোনো অভিজ্ঞতার মুখোমুখি হন, যার ব্যাখ্যা তাঁর কাছে স্পষ্ট নয়। ধর্ম নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন মনিকা। তাঁর মতে, ধর্মের মধ্যে খারাপ কিছু নেই; বিপজ্জনক হয়ে ওঠে ধর্মের রাজনৈতিক ব্যবহার।
মেল গিবসনের পরিচালনারও প্রশংসা করেছেন তিনি। মনিকার ভাষায়, শুটিং সেটে অভিনেতাদের সঙ্গে গিবসনের আচরণ ছিল অসাধারণ। গিবসনের ‘দ্য রেজারেকশন অব দ্য ক্রাইস্ট’ নামের দুই পর্বের নতুন ছবির কাজ নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে।
কিয়ানু রিভসের সঙ্গে চুমুর দৃশ্যমাস্টারক্লাসে উঠে আসে ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ ছবির একটি স্মরণীয় দৃশ্যের কথাও। ছবিতে পারসিফোন চরিত্রে অভিনয় করেছিলেন মনিকা। নিওর চরিত্রে কিয়ানু রিভসের সঙ্গে তাঁর একটি চুমুর দৃশ্য রয়েছে। সেখানে নিওকে নিজের স্ত্রী ট্রিনিটির মতো করে চুমু খেতে বলেন পারসিফোন।
সেই দৃশ্যের শুটিংয়ে অনেকবার চুমু দিতে হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে রসিকতা করে মনিকা বলেন, ‘এটা কি খুব ক্লান্তিকর? তা তো নয়, করা যায়।’কিয়ানু রিভসের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ‘ড্রাকুলা’ ছবির সূত্রে। পরে ‘দ্য ম্যাট্রিক্স’-এ আবার দেখা হয় তাঁদের। রিভসকে ভদ্র ও শ্রদ্ধাশীল মানুষ হিসেবে বর্ণনা করেন মনিকা।
‘সিনেমাকে ভালোবাসি, তবে জীবনকে আরও বেশি’আন্তর্জাতিক সাফল্যের পর হলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও কখনো যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার ইচ্ছা হয়নি মনিকার। আমেরিকার চলচ্চিত্রশিল্পের সম্ভাবনা, স্বাধীন ও বড় বাজেটের ছবি নির্মাণের সুযোগ—সবকিছুই ভালো লাগে তাঁর। কিন্তু নিজেকে মনে করেন ইউরোপীয়।
বর্তমানে প্যারিস ও রোমের মধ্যে সময় কাটান তিনি। পরিবার, বন্ধু ও দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত তাঁর কাছে গুরুত্বপূর্ণ। মনিকা বলেন, ‘সময় যত যাচ্ছে, তত বুঝতে পারছি, নিজের পেশাকে আমি কতটা ভালোবাসি। এখনো অভিনয়ের প্রতি সেই আগ্রহ রয়েছে। কিন্তু জীবনের বাস্তব বিষয়গুলোও আমার কাছে গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধু ও এমন একটা দৈনন্দিন জীবন ভালোবাসি, যা আমাকে বাস্তবতার সঙ্গে যুক্ত রাখে। সিনেমাকে ভালোবাসি, তবে জীবনকে আরও বেশি ভালোবাসি।’
সাম্প্রতিক সময়ে টিম বার্টনের ‘বিটলজুস বিটলজুস’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। সেখানে ডেলোরেস চরিত্রে দেখা গেছে তাঁকে। বিটলজুসের প্রতিশোধপরায়ণ সাবেক স্ত্রী এই চরিত্রটি ছবিতে মৃত্যুর পর ফিরে আসে। চরিত্রটির নকশা ও চেহারা নির্মাণে টিম বার্টনের আঁকা ছবি তাঁকে অনুপ্রাণিত করেছিল।
ডেলোরেসের শরীরে থাকা অসংখ্য ক্ষতচিহ্নকে জীবনের রূপক হিসেবে দেখেন মনিকা। চরিত্রটির সাজসজ্জার জন্য প্রতিদিন প্রায় তিন ঘণ্টা মেকআপ নিতে হতো তাঁকে। তিনি বলেন, ‘আমাদের সবারই ক্ষতচিহ্ন আছে। সেগুলোর মুখোমুখি হতে হয়, সেগুলো নিয়েই বাঁচতে হয় ও সামনে এগিয়ে যেতে হয়।’
মারাকেশ চলচ্চিত্র উৎসবে আরব বিশ্বের নতুন প্রজন্মের নির্মাতাদের কাজেরও প্রশংসা করেন মনিকা। তাঁর মতে, এই অঞ্চলে নতুন নতুন প্রতিভাবান নির্মাতা উঠে আসছেন। ‘অ্যাডাম’ ও ‘দ্য ব্লু কাফতান’-এর মতো ছবি আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছাচ্ছে।
আলোচনার শেষ দিকে সিনেমা হলে গিয়ে ছবি দেখার অভিজ্ঞতা টিকিয়ে রাখার আহ্বান জানান তিনি। মনিকার বিশ্বাস, মানবসভ্যতার জন্য সিনেমা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষঙ্গ। তাই এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকতে চান তিনি।






