নিজস্ব প্রতিবেদক
সংসদ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে ২০৫০ সালের চাহিদা ও উপযোগিতার আলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে দক্ষ জনবল কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির চতুর্থ সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
সভায় ইউএনডিপির সহযোগিতায় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারণাপত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সংসদ সচিবালয়কে ভবিষ্যতের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে দক্ষ ও যোগ্য জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ জন্য ইউএনডিপির সহযোগিতায় একটি আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে সহযোগিতা কামনা করা হয়। প্রস্তাবিত জনবল কাঠামোটি আগামী কমিশনের আহ্বান করা সভায় উপস্থাপন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় কমিটির সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো: সেলিম রেজা, মো: মাহবুবুল আলম ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




