নিজস্ব প্রতিবেদক

পারস্যের কবিতায় নারীসৌন্দর্যের বন্দনা বহু পুরোনো। সেই সৌন্দর্যবোধের ছাপ শুধু কবিতায় নয়, পারস্যের শিল্পকলা, সংস্কৃতি ও মানুষের আটপৌরে জীবনযাপনেও দেখা যায়। যুদ্ধ, অবরোধ, নিষেধাজ্ঞা কিংবা মূল্যস্ফীতি—কোনো কিছুই যেন সৌন্দর্যচর্চার প্রতি মানুষের আগ্রহ পুরোপুরি কমাতে পারছে না।


ইরানে যখন মানুষ আর্থিক সঙ্কট ও যুদ্ধের মধ্যে দিন কাটাচ্ছে, তখনো প্রসাধনী, ফ্যাশন ও রূপচর্চার বাজার বেশ জমজমাট। বিলাসী সেলুন, সৌন্দর্যকেন্দ্র ও প্রসাধনীর দোকানপাটের ব্যবসা কমে যাওয়ার কথা থাকলেও তেহরানের রাস্তায় বের হলে দেখা যায়, নারী-পুরুষের ভিড়ে সৌন্দর্যচর্চার কেন্দ্রগুলো সরগরম। সেখানে সময় নিতে হলে এক সপ্তাহ আগেই ফোন করতে হয়। তারপরও পছন্দের সময়টি পাওয়া যাবে কি না, তার নিশ্চয়তা নেই।


পশ্চিম এশিয়াভিত্তিক সংবাদমাধ্যম ওয়ানা নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এবং পরিবারের খরচ সামলাতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আমদানি করা দামি সিরাম, বোটক্স কিংবা অন্যান্য প্রসাধনসেবা থেকে খরচ কমিয়ে আনার কথা ভাবতে পারেন অনেকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মানুষের ব্যয়ের তালিকায় প্রসাধনী ও রূপচর্চার সেবা এখনো গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে।


ইরানের সৌন্দর্যচর্চার বাজারের একটি বড় অংশের পণ্য আসে দেশের বাইরে থেকে। তুরস্ক এ ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তুরস্কের শুল্ক বিভাগের ২০২৫ সালের বাণিজ্যিক তথ্য অনুযায়ী, প্রসাধনী, সুগন্ধি, চুলের পরিচর্যার সামগ্রী এবং ব্যক্তিগত পরিচর্যার অন্যান্য পণ্য মিলিয়ে ইরানে প্রায় ১১ কোটি ডলারের পণ্য রফতানি করেছে দেশটি। বিদেশি উৎপাদক থেকে ইরানের ক্রেতার হাতে পণ্য পৌঁছাতে মুদ্রার বিনিময় হারের ওঠানামা, পরিবহন খরচ এবং মধ্যস্বত্বভোগীর প্রভাব পড়ে। আমদানি বিধিনিষেধ ও নিষেধাজ্ঞাজনিত জটিলতা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।


আন্তর্জাতিক পরিচিত ব্র্যান্ডের প্রসাধনীর দাম ইরানে ক্রমেই বাড়ছে। কিন্তু দাম বাড়লেই যে ক্রেতারা সেগুলো কেনা বন্ধ করে দিচ্ছেন, তা নয়। কেউ দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন, কেউ আমদানি করা পণ্য কম কিনছেন, আবার কেউ পরিচিত ও নির্ভরযোগ্য বলে মনে করেন এমন কয়েকটি পণ্যের জন্যই টাকা জমিয়ে রাখছেন। তবে দাম বেড়ে যাওয়ায় বাজারের মোট বিক্রির অঙ্ক বাড়লেও ক্রেতারা আগের মতো পণ্য কেনার সুযোগ পাচ্ছেন না।


রূপচর্চা কেবল প্রসাধনী কেনা বা সাজগোজের বিষয় নয়। পেশাগত জীবন, সামাজিক আত্মবিশ্বাস এবং অন্যের সামনে নিজেকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে—এসবের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। ইরানের ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হয়েছে দেশটির দীর্ঘদিনের সৌন্দর্যবোধ। এ কারণেই কিছু খরচ বাদ দেওয়া মানুষের জন্য মানসিকভাবে কঠিন হয়ে পড়ে।


তেহরানের ৩১ বছর বয়সী সারা নামের এক নারী কিস্তিতে টাকা দিয়ে প্রসাধনসেবা নিচ্ছেন। তিনি জানান, 'আমি মাসিক কিস্তিতে টাকা দিচ্ছি। এটাই আমার পক্ষে এই খরচ চালানোর একমাত্র উপায়।'


মূল্যস্ফীতির চাপে মানুষ যখন প্রতিদিনের খরচ নতুন করে হিসাব করছে, তখনো ইরানে প্রসাধনী ও সৌন্দর্যবর্ধক সেবার গুরুত্ব কমেনি। পারস্যের কবিতায় যে রূপের বন্দনা শত শত বছর ধরে চলে আসছে, অর্থনৈতিক সঙ্কটেও সেই রূপচর্চার আকাঙ্ক্ষা, সামাজিক প্রত্যাশা ও ব্যক্তিগত পরিচয়ের গুরুত্ব সহজে মুছে যায় না। তেহরানের ব্যস্ত সৌন্দর্যকেন্দ্রগুলো তারই পরিচয় দিচ্ছে।