নিজস্ব প্রতিবেদক
ফুটবল মাঠে ফেরার আনন্দটা কেমন, তা যাঁরা দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থেকেছেন, তাঁরাই ভালো জানেন। অনুশীলন, পুনর্বাসন, একাকী পরিশ্রম ও দিনের পর দিন অপেক্ষার পর আবার সেই চেনা সবুজ মাঠে ফেরেন তাঁরা। ইন্টার মিলানের অধিনায়ক লাওতারো মার্তিনেজের জন্যও অপেক্ষাটা কম দীর্ঘ ছিল না। ৪৬ দিন পর শুরুর একাদশে ফিরেই গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তাঁর ফেরার ম্যাচে জেনোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার।
সান সিরোর এই রাতে লাওতারোর প্রত্যাবর্তনটা ছিল দারুণ। গত ১০ অক্টোবর ঊরুর চোটে পড়েছিলেন তিনি, যা তাঁকে ছয় সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে রেখেছিল। গত সপ্তাহে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামলেও শনিবার প্রথম শুরুর একাদশে জায়গা পান এবং সুযোগ পেয়েই গোল করেন। ইন্টার অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, এত দিন মাঠের বাইরে থাকলেও তাঁর গোল করার ধার একটুও কমেনি।
ম্যাচ শেষে নিজের চোটের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন লাওতারো। তিনি জানান, তাঁর খুব গুরুতর চোট হয়েছিল এবং কঠোর পরিশ্রম সব সময়ই ফল দেয়। এই ফেরার জন্য তিনি ৪৬ দিন অপেক্ষা করেছেন, কখনো কখনো দিনে দুবাস অনুশীলন করেছেন। তবে সবচেয়ে ভালোভাবে ফিরে দলকে সাহায্য করতে পেরেছেন তিনি।
লাওতারোর গোলের পর ইন্টারের গোলের পথ উন্মুক্ত হয়। মার্কাস থুরাম করেন জোড়া গোল এবং পেনাল্টি থেকে আরেকটি গোল করেন পেতার সুচিচ। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দল। এর আগের ম্যাচে আতালান্তার সঙ্গে ৪-৪ গোলে ড্র করে দুই গোলের লিড হারিয়েছিল ইন্টার, যা দলের জন্য হতাশার ছিল। সেই হতাশার পর জেনোয়ার বিপক্ষে এই জয়টি দলের খুব প্রয়োজন ছিল।
আতালান্তার বিপক্ষে পয়েন্ট হারানোর পর ইন্টারকে নিয়ে সমালোচনাও কম হয়নি। দুই গোলের লিড ধরে রাখতে না পারায় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। অধিনায়ক হিসেবে সেই সমালোচনা মেনে নেওয়ার কথাই বলেছেন লাওতারো। তাঁর মতে, সমালোচকদের দোষ দেওয়ার আগে নিজেদের ভুলের দায় নিতে হবে এবং ইন্টারকে তার আসল জায়গায় ফিরিয়ে নিতে হবে।
ইন্টারের বর্তমান দলকে নিয়ে অন্য কোনো দলের সঙ্গে তুলনা বা এটি গত সাত-আট বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল কি না, এমন প্রশ্নের জবাবে লাওতারো কোনো তর্কে জড়াতে চাননি। তাঁর কাছে দলের সামর্থ্যের প্রমাণ দিতে হবে মাঠেই, শুধু সংবাদমাধ্যমে আলোচনা কিংবা ড্রেসিংরুমের কথাবার্তায় নয়। প্রতিদিন অনুশীলনে এবং ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখার ওপর জোর দিয়েছেন তিনি।





