নিজস্ব প্রতিবেদক

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে আবদুল মোতালিব (১৪) নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


পাঁচ দিনের রিমান্ড শেষে সাঈদ খোকনকে রোববার (২৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। একই দিন এ মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। গত ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল।


মামলার এজাহার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনকালে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। আন্দোলন চলাকালে তার বুকে ও গলায় গুলি লাগে এবং এতে তিনি মারা যান। ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলাটিতে শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এই মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।