নিজস্ব প্রতিবেদক
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে জাতিসংঘের একজন পরিচিত বিশেষজ্ঞকে দেশে ঢুকতে না দেওয়ার কোস্টারিকার সিদ্ধান্তের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রানচেসকা আলবানিজ। তিনি বলেছেন, বৃহস্পতিবার রাতে তাঁকে বাধা দেওয়ার পর তিনি সান হোসের আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুমিয়ে দুই রাত কাটিয়েছেন।
অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার’ অভিযোগে আলবানিজকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে ইতালীয় এই আইনজীবী এমন অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্ক বলেছেন, এই পদক্ষেপে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি কোস্টারিকাকে সিদ্ধান্তটি নতুন করে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন।
শনিবার আলবানিজ বিমানে করে মেক্সিকোয় চলে যান।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আপাতত বিদায়। আমি কথা দিচ্ছি, কোস্টারিকা যখন আবার মুক্ত হবে, তখন আমি ফিরে আসব।’
মানবাধিকার নিয়ে কাজের জন্য কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে তিনি সান হোসে যাচ্ছিলেন।
তারপরও অনুষ্ঠানটি হয়েছে। আলবানিজ ভিডিও লিংকের মাধ্যমে এতে যোগ দেন এবং হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালের মেঝেতে বসেই সম্মাননা গ্রহণের বক্তব্য দেন।
অনুষ্ঠানের ছবিগুলোতে দেখা যায়, মঞ্চের ওপরের বড় পর্দায় এই আইনজীবীকে দেখানোর সময় বিশ্ববিদ্যালয় মিলনায়তনের দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে সম্মান জানাচ্ছেন।
নিজের বক্তব্যে তিনি বলেন, ‘কোস্টারিকা সরকার আমাকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে যে মিথ্যা তথ্য ছড়িয়েছে, তাতে আমি ভীষণ ক্ষুব্ধ।’
‘আমি স্পষ্ট করে বলতে চাই: মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।’
বৃহস্পতিবার রাতে এক ভিডিও বিবৃতিতে কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের প্রধান ওমর বাদিল্লা বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে আন্তর্জাতিক সতর্কতার’ আওতায় থাকায় আলবানিজকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন কোস্টারিকার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল সম্পর্কে অপপ্রচার ছড়াতে আলবানিজ নিজের পদের ক্ষমতার অপব্যবহার করছেন।
আলবানিজ ২০২২ সাল থেকে ফিলিস্তিনিদের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে দায়িত্ব পাওয়া তিনিই প্রথম নারী।
জাতিসংঘের বিশেষজ্ঞ বা বিশেষ র্যাপোর্টিয়াররা সংস্থাটির অধীন স্বাধীনভাবে কাজ করেন, তবে মানবাধিকার বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য সংস্থাটিই তাঁদের নিয়োগ দেয়।
তিনি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের একজন কড়া সমালোচক। তিনি ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করেন—এমন যুক্তি দেখিয়ে তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার প্রচারণা চালানো হয়েছে।
আলবানিজ বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরাটাই তাঁর কাজ।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়েছিল। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং আরও ২৫১ জনকে জিম্মি করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এরপর থেকে সেখানে ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৭৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
আলবানিজ দীর্ঘদিন ধরে বলে আসছেন যে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় পশ্চিমা সরকারগুলো যথেষ্ট কাজ করছে না।
গত বছরের একটি প্রতিবেদনে তিনি যাকে ‘গণহত্যার অর্থনীতি’ বলে উল্লেখ করেছেন, তার বর্ণনা দেন এবং বহুজাতিক কোম্পানিগুলোকে ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এতে তারা গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধাপরাধের সহযোগী হয়ে ওঠার ঝুঁকিতে পড়ছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সমর্থন দেওয়ার কারণে ট্রাম্প প্রশাসন আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বর্তমান মার্কিন সরকার আইসিসিকে একটি ‘দুর্বৃত্ত’ প্রতিষ্ঠান হিসেবে দেখে, যেটি ভেঙে দেওয়া উচিত বলে তারা মনে করে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগও এনেছেন, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
গত ফেব্রুয়ারি থেকে প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের নেতৃত্বাধীন কোস্টারিকা সরকার ইসরায়েলের বড় মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে।
আইনপ্রণেতা ও মানবাধিকার সংগঠনগুলো দ্রুতই আলবানিজের ওপর এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। পাশাপাশি কোস্টারিকা বিশ্ববিদ্যালয় সরকারের কাছে এই সিদ্ধান্তের আইনি ভিত্তি ব্যাখ্যা করার দাবি জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, মানবাধিকারের প্রতি কোস্টারিকার দীর্ঘদিনের প্রতিশ্রুতির সঙ্গে এই সিদ্ধান্তকে ‘মেলানো কঠিন’।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এক্সে লিখেছেন, ‘আগামী বহু বছর ধরে এটি কোস্টারিকার এই সরকারের জন্য লজ্জার কারণ হয়ে থাকবে।’
কোস্টারিকার বিভিন্ন দলের রাজনীতিবিদেরাও এই পদক্ষেপের সমালোচনা করেছেন। এ ছাড়া ১৯৮৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী দেশটির সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা করেন এবং বর্তমান সরকারের কর্মকাণ্ডের নিন্দা জানান।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রকাশ্যে নিন্দা জানানো হলিউড অভিনেতা মার্ক রাফালো এক্সে পোস্ট করে বলেছেন, আলবানিজের সাথে যে আচরণ করা হয়েছে, তা আন্তর্জাতিক পর্যায়ের একটি বড় ঘটনা (কূটনৈতিক বিতর্কের বিষয়) হওয়া উচিত।



