মেডিক্যাল প্রতিবেদক
রাজধানীর পল্লবী থানাধীন আদর্শ স্কুলের পিছনের এক বাড়ির দুই ভাড়াটিয়ার কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে মো: আনোয়ার হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন। তিনি পেশায় বুটিক্সের কর্মচারী ছিলেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাকিব জানান, রাত ৯টার দিকে মিরপুর-৬-৮ নং রোডের আদর্শ স্কুলের পিছনের বাসার দুই ভাড়াটিয়ার মধ্যে বালতি রাখা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনোয়ারকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন অপর ভাড়াটিয়া। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত আনোয়ার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পাল্লা এলাকার মাইনুল রহমানের ছেলে। বর্তমানে মিরপুর-৬-৮ নং রোডের ১৪ নম্বর বাসার (আদর্শ স্কুলের পিছনে) ভাড়াটিয়া।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।






