চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম রেলস্টেশনের কাছে ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে নগরের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে মারলে দুটি সিটে আগুন ধরে যায়। তবে রেলকর্মীদের তৎপরতায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসছিল। রাত ১১টার দিকে ট্রেনটি কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে বগির দুটি সিটে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। রেলকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। পরে রাত পৌনে ১২টার দিকে নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে।




