নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবার চালান লুট নিয়ে গোলাগুলি, যুবক নিহত
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবার চালান লুটকে কেন্দ্র করে মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শাহজাহান। এ ঘটনায় শামশুল আলম (৪০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শাহজাহান নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে।
গত বৃহস্পতিবার রাতে মিয়ানমার সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে আটজনের একটি দল ইয়াবার চালান নিয়ে আসছিল। তারা সীমান্তের ৪৮ নম্বর পিলারসংলগ্ন ফুলারঝিরি এলাকায় পৌঁছালে ১২ জনের একটি সশস্ত্র দল তাদের পথরোধ করে। এ সময় ইয়াবার চালানটি লুটের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে ১২ জনের সশস্ত্র দলটি ইয়াবার চালান নিয়ে পালিয়ে যায়। গোলাগুলিতে দুই পক্ষের দুজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, মিয়ানমার সীমান্তের পাহাড়ি পথ দিয়ে ইয়াবার একটি বড় চালান আনার সময় আরেকটি দল সেটি লুটের চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, গোলাগুলি ও হতাহতের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।





