পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের ঘটনায় আবারও বন্ধ হয়ে গেছে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল। শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য এ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এতে রাজধানীর সঙ্গে সাতক্ষীরার সরাসরি যোগাযোগ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পরিবহন মালিক-শ্রমিক নেতারা জানিয়েছেন, আগামী দুই দিন এ রুটে কোনো বাস চলবে না। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল পুনরায় শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যাত্রীদের জরুরি যাতায়াতের কথা বিবেচনা করে বিকল্প পথে বাস চলাচল অব্যাহত রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাগেরহাটের মোল্লাহাটেও বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী অন্তত ১৫টি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রাখা হয়।
বাস চলাচল বন্ধ রাখা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীরা লাইন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, মাস্টার ট্রাভেলস, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টারপ্রাইজ ও এইচআর পরিবহন।
তবে বিকল্প হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ ফেরিঘাট এবং নড়াইল হয়ে ফরিদপুরের ভাঙ্গা দিয়ে কয়েকটি কোম্পানির বাস চলাচল করছে।
চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় যেতে চাওয়া গৃহবধূ সালমা খাতুন বলেন, এর আগেও বাস চলাচল বন্ধ থাকায় তাঁকে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয়েছিল। শনিবার ঢাকায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েও আবার বাস বন্ধের খবরে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
সাতক্ষীরা লাইনের কাউন্টার ম্যান মোকলেসুর রহমান বলেন, গোপালগঞ্জের পরিস্থিতির কারণে সাতক্ষীরা-গোপালগঞ্জ রুটে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। বর্তমানে নড়াইলের ভেতর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা হয়ে বাস চলাচল করছে।
সাতক্ষীরা পরিবহন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল বলেন, ‘আগের মতো রাজনৈতিক অস্থিরতার পর ঝুঁকি নিয়েই শুক্রবার থেকে ১৫টি কোম্পানির গাড়ি নামানো হয়েছিল। কিন্তু আজ (শনিবার) বিকেলে ফের সংঘর্ষের ঘটনা ঘটায় আমরা বাধ্য হয়েই গোপালগঞ্জ রুটে গাড়ি বন্ধ রেখেছি। আপাতত বিকল্প রুটে বাস চলাচল করছে। পরিস্থিতি অনুকূলে থাকলে মঙ্গলবার সকাল থেকে পুনরায় পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হবে।’




