নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য কানাডায় অবস্থানরত এক প্রার্থী অনলাইনে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিয়েছেন। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত এই ভাইভায় মোট ১০ জন প্রার্থীর মধ্যে ৯ জন সশরীরে উপস্থিত ছিলেন। কানাডায় অবস্থানরত প্রার্থী মো. মাহফুজুর রহমান অনলাইনে এতে যুক্ত হন। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদেশে অবস্থানরত প্রার্থীদের অনলাইনে ভাইভায় অংশ নেওয়ার বিষয়ে কোনো পৃথক নির্দেশনা ছিল না।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, গত ৭ অক্টোবর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ৩৫টি স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক পদ রয়েছে দুটি। আবেদনের শেষ সময় ছিল ২৬ অক্টোবর। ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভার আগে বিভিন্ন পদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষারত মো. মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি শিক্ষা ছুটিতে (অন স্টাডি লিভ) রয়েছেন। স্থায়ী সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদন করা অভ্যন্তরীণ প্রার্থীদের মধ্যে তিনিও একজন।
বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন রেজিস্ট্রারের মতে, উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদেশে অবস্থানরত প্রার্থীর অনলাইনে ভাইভা নেওয়ার নজির নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের আইনে অনলাইনে ভাইভা নেওয়ার কোনো নিয়ম নেই, তবে এটি উপাচার্যের ক্ষমতাবলে নেওয়া হয়ে থাকতে পারে।
উপাচার্য অধ্যাপক ড. এমএম শরীফুল করিম বলেন, মার্কেটিং বিভাগের একজন শিক্ষক চলে যাওয়ায় সহকারী অধ্যাপক পদে একটি পদ খালি হয়েছে। যারা লেকচারার পদ থেকে সহকারী অধ্যাপক হয়েছেন, তাঁদের প্লেসমেন্ট করার জন্যই এই নিয়োগ প্রক্রিয়া। তিনি আরও জানান, নিয়োগের প্রতিটি কাজের জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন এবং এই বিষয়টিও সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইন ভাইভার শর্ত না থাকা সত্ত্বেও কেন এই সুযোগ দেওয়া হলো এবং এটি যদি অভ্যন্তরীণ শিক্ষকদের প্লেসমেন্টই হয়, তবে কেন উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে অন্য প্রার্থীদের আবেদন নেওয়া হলো—তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী ২৮ নভেম্বর সিন্ডিকেট সভায় এই নিয়োগের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।






