নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের আন্দোলনে গতি কমছে। দলটির প্রবাসী নেতাদের উসকানি সত্ত্বেও দেশে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে পারছে না দলটি। বরং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় দলটির তৃণমূলের অনেক নেতা-কর্মী চিন্তিত। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে সময়ও খুব কম। দলটির সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। এমনই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি, দলটির অভ্যন্তরীণ পরিস্থিতি, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন তিনি।


শফিকুল আলমের মতে, আওয়ামী লীগের ছোট পরিসরের বিদ্রোহী তৎপরতায় এখন ভাটা পড়ছে। দলটির প্রবাসী উগ্রপন্থি সমর্থকেরা দেশে থাকা নেতা-কর্মীদের ‘সর্বোচ্চ চেষ্টা করতে’ বলছেন। তবে তাদের বেশির ভাগ তৎপরতা দেখা গেছে গোপালগঞ্জে। শুরুতে সহিংসতার ডাক থাকলেও এখন সেই আহ্বান কমে এসেছে।


আওয়ামী লীগের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতে কয়েকটি জায়গায় মহাসড়ক অবরোধের চেষ্টা হয়। তবে পুলিশ এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা সেসব চেষ্টা ঠেকিয়ে দেন। গোপালগঞ্জে কয়েক শ আওয়ামী লীগ সমর্থক মশাল মিছিল করেছেন। তারা একটি সড়কও দখলে নেন। তবে সেখানে থাকা পুলিশ ও বিজিবির বড় দল এখন পর্যন্ত কঠোর অভিযান চালায়নি।


শফিকুল আলম লিখেছেন, ‘বিএনপির নেতা-কর্মীদের হত্যা এবং বিএনপির সংসদ সদস্যদের বাড়ি ও থানায় আগুন দেওয়ার ঘটনায় দেশজুড়ে সমালোচনার পর গোপালগঞ্জ আওয়ামী লীগের মধ্যে নতুন করে সহিংসতায় জড়ানোর আগ্রহ খুব কম বলেই মনে হচ্ছে। কেউ কেউ সরাসরি আশঙ্কা করছেন, নতুন করে অস্থিরতা শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক অভিযান চালাতে পারে।’ তবে বিচ্ছিন্ন সহিংসতা এখনো চলছে বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্য, একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। কয়েকটি অব্যবহৃত বাসেও আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা খুব কম। তবে বড় ধরনের প্রাণহানি হলে আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পত্তিতে ব্যাপক পালটা হামলা হতে পারে। কয়েকটি জেলায় এরই মধ্যে পালটা হামলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছেন তিনি।

পুলিশের দুর্বলতা ও রাজনৈতিক দূরত্ব
শফিকুল আলমের মতে, পরিস্থিতি মোকাবিলায় সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত শান্তভাবে কাজ করেছে। গোপালগঞ্জে থানায় হামলা এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলার পর পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। তার ধারণা, চাকরি হারানোর ভয় এবং নজরদারির কারণে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় আরও গুরুত্ব দেবেন।

তিনি লিখেছেন, ‘পুলিশের দুর্বলতা নিয়ে ধারণা ছিল দুটি প্রধান কারণের একটি। এ কারণেই হাসিনা ও তার সমর্থকেরা ছোট পরিসরে বিদ্রোহী তৎপরতা শুরু করার সাহস পেয়েছিলেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।’

তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন এবং মজুরি নিয়েও সরকারের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। তার মতে, বেতন বাড়ায় শ্রমিকেরা সন্তুষ্ট। ফলে আন্দোলনও কমে এসেছে।

আওয়ামী লীগের আন্দোলনের পেছনে আরেকটি কারণ ছিল জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হওয়া। তবে প্রধানমন্ত্রীর জুলাই ঐক্যের আহ্বান এবং বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকের পর দলগুলোর মধ্যে দূরত্ব কমেছে বলে মনে করেন শফিকুল আলম। তার দাবি, ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে সব দল।


হাসিনাকে নিয়ে গুজব, চাপে তৃণমূল
ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর গুজব নিয়েও কথা বলেছেন শফিকুল আলম। তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে শোনা সবচেয়ে অবিশ্বাস্য মিথ্যা খবরগুলোর একটি হলো নয়াদিল্লিতে হাসিনার মৃত্যুর গুজব। সত্যি বলতে, অনেক মানুষ এখন এসব বিশ্বাস করতে শুরু করেছেন।’

তার মতে, গ্রামাঞ্চলে এই গুজব আওয়ামী লীগ সমর্থকদের মনোবলে প্রভাব ফেলছে। তার আওয়ামী লীগ সমর্থক কয়েকজন আত্মীয়ও জানতে চেয়েছেন, হাসিনা কেন সরাসরি সামনে আসেন না। তারা শুধু তার কণ্ঠ শুনতে পান, তাকে দেখতে পান না কেন।

ভারতে বাংলাদেশের ভূখণ্ড দখলের হুমকি নিয়েও মন্তব্য করেছেন তিনি। শফিকুল আলমের দাবি, অজিত সিংয়ের এই হুমকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক করেছে। বিশেষ করে ইসলামপন্থি দলগুলো এ ধরনের ইস্যু সহজেই কাজে লাগাতে পারে।

পশ্চিমবঙ্গের বিজেপির এক মন্ত্রী ও তার সহকর্মীদের মন্তব্য এবং আসামে বাঙালি মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য আওয়ামী লীগের তৃণমূল সমর্থকদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মনে করেন তিনি। একই সঙ্গে এসব ঘটনা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করছে বলে তার পর্যবেক্ষণ।


বিদেশেও প্রশ্নের মুখে আওয়ামী লীগ
লন্ডন পুলিশের হাতে সুশান্ত দাস গুপ্তের গ্রেপ্তারকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছোট ঘটনা মনে হতে পারে। তবে শফিকুল আলমের মতে, সুশান্ত ও তার সহযোগীদের সহিংসতা আওয়ামী লীগের কৌশলকে আন্তর্জাতিকভাবে সামনে এনেছে।

তিনি লিখেছেন, ‘হাসিনার ক্ষমতাচ্যুতির পর দলটিকে কঠোর অবস্থানের দিকে নিয়ে যাওয়ার পেছনে সুশান্ত এবং আওয়ামী লীগের অল্প কয়েকজন উগ্রপন্থি নেতার ভূমিকা রয়েছে। যুক্তরাজ্য, ইউরোপের মূল ভূখণ্ড এবং উত্তর আমেরিকায় নিরাপদে বসে তারা দেশে থাকা সমর্থকদের সহিংসতায় উৎসাহিত করেছেন।’

তার মতে, সুশান্ত পরে জামিন পেলেও তার গ্রেফতারের ঘটনা আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি পরিচালনায় প্রভাব ফেলেছে।

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলাকেও আওয়ামী লীগের জন্য বড় রাজনৈতিক ভুল বলে মনে করেন শফিকুল আলম। তার দাবি, আওয়ামী লীগের কর্মীরা শতাধিক শাখায় আগুন দিয়েছেন বা হামলা চালিয়েছেন।

তিনি লিখেছেন, ‘গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা রাজনৈতিক আত্মহত্যার শামিল। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মহল এসব হামলা নিয়ে নীরব থাকলেও জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে।’


শফিকুল আলমের মতে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বে অত্যন্ত সম্মানিত। যুক্তরাষ্ট্রেও গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সফল হয়েছে। গ্রামীণ আমেরিকা নিম্ন আয়ের নারী ও গৃহহীন মানুষকে শত শত কোটি ডলার ঋণ দিয়েছে। তাই পশ্চিমা রাজনীতিকেরা এসব হামলাকে দরিদ্র নারীদের পাশাপাশি অধ্যাপক ইউনূসের কাজের ওপর আঘাত হিসেবে দেখবেন। শিগগিরই এসব হামলার তদন্তের দাবি উঠতে পারে। এর দায় শেখ হাসিনার ওপরও পড়তে পারে বলে মনে করেন তিনি।


আওয়ামী লীগের হাতে সময় কম
আওয়ামী লীগের সামনে বড়জোর দুই মাস সময় রয়েছে বলে মনে করেন শফিকুল আলম। তার মতে, ফেব্রুয়ারির শুরুতে রমজান শুরু হবে। এর আগে শেখ হাসিনাকে দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। তবে সেটি কঠিন বলেই মনে হচ্ছে।

তিনি লিখেছেন, ‘রমজান মাসে বাংলাদেশে তেমন কিছুই হয় না। আমরা বেশি বেশি ছোলা, বেগুনি ও হালিম খাই। কাজকর্ম করি খুব কম। রমজানের এই ধীরগতির প্রভাব আরও এক মাস থাকবে। এরপরই আসবে বর্ষা।’

শফিকুল আলমের ধারণা, জানুয়ারি থেকে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের আবারও সক্রিয়ভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার সুযোগ তৈরি হতে পারে।

প্রসঙ্গ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর
আওয়ামী লীগের বর্তমান তৎপরতা শেষ হলে তারেক রহমান প্রথমবারের মতো ভারত সফর করবেন বলে মনে করেন শফিকুল আলম। তার মতে, তারেক রহমান ভারত সফরে যেতে চান। তবে নিজের শর্তে এবং শক্ত অবস্থান থেকে।

তিনি লিখেছেন, ‘এর অর্থ হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দিতে হলে নয়াদিল্লিকে কিছু ছাড় দিতে হবে। এর মধ্যে থাকতে পারে হাদি হত্যাকারীদের হস্তান্তর এবং ট্রান্সশিপমেন্ট চুক্তি পুনর্বহাল।’


শফিকুল আলমের মতে, ঢাকার অনুরোধে ভারত শেখ হাসিনাকেও চুপ থাকতে বলতে পারে। তবে তারেক রহমানের ভারত সফর জুনের আগে হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘জুন পর্যন্ত সম্ভবত এটি হবে না। তবে জুন পার হলে এটি হবে।’