বারিধারায় ডরিনের ‘স্কাইপার্ক রেসিডেন্সেস’ উন্মোচন
রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় আটটি ব্যক্তিগত আবাসন নিয়ে নতুন আবাসিক প্রকল্প ‘স্কাইপার্ক রেসিডেন্সেস’ উন্মোচন করেছে ডরিন গ্রুপের আবাসন প্রতিষ্ঠান ডরিন ডেভেলপমেন্টস লিমিটেড। খ্যাতিমান স্থপতি রফিক আজম ও তাঁর প্রতিষ্ঠান সাতত্যের সহযোগিতায় প্রকল্পটির নকশা করা হয়েছে। প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সংযোগ, উন্মুক্ত পরিসর, প্রাকৃতিক আলো ও বাসিন্দাদের ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে এতে।
শুক্রবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে ‘স্কাইপার্ক-দ্য ফার্স্ট লাইট’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এতে দেশের বিশিষ্ট স্থপতি, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ডরিন ডেভেলপমেন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) তানজিন আলম প্রতিষ্ঠানের পথচলা, উন্নয়ন দর্শন এবং অর্থবহ আবাসিক পরিসর গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরেন। এ সময় স্থপতি রফিক আজমের সঙ্গে কাজ করার গুরুত্বও উল্লেখ করেন তিনি।
তানজিন আলম বলেন, ‘আজকের সন্ধ্যায় এত বিশিষ্ট স্থপতিকে আমাদের মাঝে পাওয়াটা সত্যিই সৌভাগ্যের। রফিক আজমের মতো খ্যাতিমান স্থপতি ও তাঁর দলের সঙ্গে এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। স্কাইপার্ক আমাদের সর্বশেষ প্রকল্প। আজ আমরা এর নকশা উন্মোচন করছি।’
এরপর স্থপতি রফিক আজম প্রকল্পটির অনুপ্রেরণা ও নকশার দর্শন তুলে ধরেন। প্রকৃতির সঙ্গে স্থাপত্যের সংযোগ তৈরি এবং ঢাকার বিকাশমান নগরদৃশ্যে অবদান রাখে এমন উন্মুক্ত পরিসর গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
রফিক আজম বলেন, ‘বর্তমান ভবন নির্মাণ নীতিমালা আমাদের সামনে একটি সুযোগ তৈরি করেছে। কঠোর পরিশ্রম করলে আমরা এমন উন্মুক্ত পরিসর তৈরি করতে পারি, যা আমাদের কাঙ্ক্ষিত ঢাকা শহর গড়ে তুলতে সহায়তা করবে। স্কাইপার্ক তেমনই একটি প্রকল্প, যার নকশার কাজ আমরা সম্প্রতি সম্পন্ন করেছি।’
স্থাপত্যবিষয়ক উপস্থাপনার পর লঞ্চ ফিল্ম ও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উন্মোচন করা হয়।
ডরিন ডেভেলপমেন্টস জানায়, বারিধারা কূটনৈতিক এলাকার পার্ক রোডের ৪০ নম্বর প্লটে ৮ দশমিক ২০ কাঠা দক্ষিণ-পশ্চিমমুখী জমিতে গড়ে উঠছে স্কাইপার্ক রেসিডেন্সেস। এতে থাকবে মাত্র আটটি ব্যক্তিগত আবাসন। প্রতিটি আবাসন একটি পূর্ণ তলাজুড়ে বিস্তৃত হবে। এর মধ্যে একটি হবে ডুপ্লেক্স।
প্রকল্পটির স্থাপত্যিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ফেয়ার-ফেসড কংক্রিট, সবুজে ঘেরা টেরেস, নিচতলায় জলাধার এবং ছাদে ইনফিনিটি পুল ও স্কাই ডেক। এ ছাড়া বাসিন্দাদের জন্য থাকবে ওয়েলনেস জিম, দুটি উচ্চগতির লিফট এবং ২৪টি নির্ধারিত পার্কিং স্পেস।
প্রকল্পের নকশায় প্রাকৃতিক আলো, খোলামেলা পরিবেশ ও ব্যক্তিগত গোপনীয়তার পাশাপাশি ঘরের ভেতরের এবং বাইরের জীবনের নিবিড় সংযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রকৃতিঘেরা আবাসনের ধারণা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নৈশভোজ এবং অতিথি, ডরিনের শীর্ষ নেতৃত্ব ও স্থপতির মধ্যে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে ডরিন ডেভেলপমেন্টস ও সাতত্যের ঊর্ধ্বতন প্রতিনিধিদের পাশাপাশি স্থাপত্য ও ব্যবসায়িক অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।






