নিজস্ব প্রতিবেদক

ইসরাইল মধ্যপ্রাচ্যের ক্যান্সার এবং ভারত দক্ষিণ এশিয়ার ক্যান্সার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরাইল এবং দক্ষিণ এশিয়ার ক্যান্সার ভারত। তারা একসাথে আজ নিপীড়ন করছে। আজ আমরা আসামে নিপীড়ন দেখতে পাচ্ছি। সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে এই জায়নিস্ট গোষ্ঠী মুসলমানদের ওপর নিপীড়ন করছে।


রোববার (২৯ নভেম্বর) বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘কেফিয়াহ মার্চ’ কর্মসূচি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আরো পড়ুন : সোমবার নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নেবে না মামুনুল হকের দল


সাদিক কায়েম বলেন, ৭৫ হাজারের অধিক আমাদের ফিলিস্তিনের গাজার ভাই-বোনকে তারা হত্যা করেছে। আমরা দেখতে পেয়েছি, সারা দুনিয়ায় যারা মানবতার কথা বলে, জাতিসঙ্ঘ থেকে শুরু করে বিশ্বের মোড়ল যারা আছে, ফিলিস্তিনের গাজায় এই গণহত্যার বিরুদ্ধে তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাদের বিভিন্ন মানবাধিকারের সনদ রয়েছে। অথচ সেই সনদগুলো ফিলিস্তিনের মজলুমদের জন্য কার্যকর হয় না।


তিনি বলেন, আমরা জুলাই বিপ্লবে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা একসাথে ধরেছিলাম। আমরা বাংলাদেশের আজাদির পাশাপাশি ফিলিস্তিনের আজাদির পক্ষে স্লোগান দিয়েছি। আমরা এই ঢাকা থেকে আগামীতে ফিলিস্তিনের আজাদি আন্দোলনের নেতৃত্ব দেবো। এই ঢাকাকে আমরা বিশ্বের সলিডারিটি হাবে রূপান্তর করবো।


তিনি আরো বলেন, আমাদের শরীরে যত দিন রক্ত থাকবে, সারা বিশ্বের মজলুমদের পক্ষে আমরা লড়াই করে যাবো। প্রয়োজনে শহীদ হবো, জীবন দেবো। কিন্তু এই আজাদির লড়াই অব্যাহত থাকবে।


সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিন আমাদের হৃদয়ের স্পন্দন। জায়নবাদীদের যে আগ্রাসন ফিলিস্তিনে দীর্ঘ ৭০ বছর ধরে চলছে, বিগত কয়েক বছরে সেই আগ্রাসন আরো তীব্রতর হয়েছে। আজ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, নারী-পুরুষেরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন।


তিনি আরো বলেন, জাতিসঙ্ঘ থেকে শুরু করে বিশ্বের মোড়লরা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেবে। আমাদের যেসব ভাই-বোনের রক্তে ফিলিস্তিন ও গাজার মাটি রক্তাক্ত হয়েছে, তাদের পক্ষে অবস্থান নেবে। আমরা থামবো না। ফিলিস্তিনের পক্ষে বিশ্বমানবতার লড়াই চলবে।


বিশেষ অতিথির বক্তব্যে ঢাবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের আন্দোলন শুধু মুসলমানদের নয়, এটি গোটা বিশ্বের মানবতার আন্দোলন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনের নাগরিকদের প্রতি সংহতি জানান।


এর আগে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ‘কেফিয়াহ মার্চ’ শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর, নীলক্ষেত তোরণ, রেজিস্ট্রার ভবনের সামনের সড়ক ও হলপাড়া প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।


ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিকের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুহা: মহিউদ্দিন খান।