দলীয় স্বার্থ রাজনৈতিক দলগুলোর কাছে মুখ্য, দেশের স্বার্থ নগণ্য: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম


দেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থ মুখ্য, দেশের স্বার্থ নগণ্য বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, দলান্ধ সিদ্ধান্তের কারণে চব্বিশের পর সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি। ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে। সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থকে মুখ্য করা হচ্ছে। এর প্রতিফল ভোগ করতে হচ্ছে দেশবাসীকে।


আজ রোববার চরমোনাই মাহফিলের তৃতীয় দিন মাহফিল প্রাঙ্গণে ইসলামী আন্দোলনের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিএনপির প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, জুলাইয়ের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল রাষ্ট্র সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার। সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক, বিচারও গতিহীন হয়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারে মনোযোগী হতে হবে। নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে বিরোধী দলও এর দায় এড়াতে পারবে না।


সহিংসতা ও সন্ত্রাসের কারণে সরকারের পতন হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের প্রতি তিনি বলেন, সেই সহিংসতা ও সন্ত্রাস করে ফেরার কল্পনা আপনাদের জন্য বুমেরাং হবে। এসব পরিহার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। শেখ হাসিনাসহ যারা অপরাধ করেছেন, তারা আইনের কাছে আত্মসমর্পণ করুন। পাচার করা টাকা ফেরত দিন।


জেলা প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।


ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য কে. এম. শরীয়ত উল্লাহ জানান, সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের মাহফিল শেষ হবে। সকাল ৮টায় চরমোনাই পীর মোনাজাত পরিচালনা করবেন।