নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চতুর্থ ইস্পাহানি- আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ দুপুরে শহরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে মাঠের ব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ২০২৩ সালে ৩২টি বিশ্ববিদ্যালয় নিয়ে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টে ২০২৬ সালে দলসংখ্যা বেড়ে ৫০টিতে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে ১০০টি বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে।
ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান জানান, এ বছর ৭৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের আগ্রহ দেখালেও ৫০টি দলকে চূড়ান্ত করা হয়েছে। তিনি টুর্নামেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, চট্টগ্রাম থেকে দুটি শক্তিশালী দল ঢাকার চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। টুর্নামেন্ট কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু আয়োজনের ধারাবাহিক সাফল্য কামনা করে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে খেলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক আলী ইস্পাহানি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির সভাপতি ও উপপ্রধান প্রকৌশলী মো. শোয়েব, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট কমিটির সদস্য মামুনুল ইসলাম ও জাহিদ হাসান এমিলি।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ৭-২ গোলে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটিকে পরাজিত করে, যেখানে ম্যাচসেরা হেফাজ উদ্দিন হ্যাটট্রিক করেন। দ্বিতীয় ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ৮-০ গোলে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংকে হারায়; ম্যাচসেরা হন সাউদার্ন ইউনিভার্সিটির এ কে এম ফারুকুল ইসলাম। তৃতীয় ম্যাচে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ১-০ গোলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে, যেখানে গোলদাতা তানভীর ইসলাম ম্যাচসেরার পুরস্কার পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ হুসেইন পিসনাজাজ, উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি এবং জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ আবু হেনা মোস্তফা হেলাল উপস্থিত ছিলেন। ১০টি দল নিয়ে আয়োজিত চট্টগ্রাম পর্বের খেলা আগামীকাল শেষ হবে।





