শরীয়তপুর প্রতিনিধি
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ চলাকালীন ককটেল হামলা ও সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে এ ঘটনার সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হলে প্রায় দুই ঘণ্টা পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়।
আরো পড়ুন : ক্ষমতাচ্যুত হয়ে পলাতক, দেশের মাটিতে কবর মেলেনি যাদের
সকাল পৌনে ৮টায় যান চলাচল স্বাভাবিক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর ৫টার দিকে জাজিরার নাওডোবা গোলচত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে তাদের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন। একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। পরে সকাল পৌনে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সপ্রেসওয়ের নিয়ন্ত্রণ নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান, বদলে যাচ্ছে আঞ্চলিক ভারসাম্য
প্যান্ডেল, রেস্টুরেন্ট ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
বিক্ষোভকারীরা বিএনপির সমাবেশের প্যান্ডেল, পদ্মা ফুডভ্যালি রেস্টুরেন্টসহ একটি মার্কেট এবং অন্তত ২০/২৫টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ছাড়া কয়েকটি ফুটপাতের দোকানেও অগ্নিসংযোগ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সাথে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুরের দৃশ্যও দেখা যায়। এছাড়া আরো দুজন আহত হয়েছেন বলে খবর শোনা গেলেও তাদের পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন : যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে
নিহতদের পরিচয় ও পুলিশের বক্তব্য
দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরের সাহেব বাজার এলাকা থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ইব্রাহীমের লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠান।
এ সময় ওসি শাহ আলম বলেন, ‘লাশের চোখের কোনে একটি সামান্য আঘাত রয়েছে এবং বুকে একটি ছোট ছিদ্র দিয়ে কিছু রক্ত বের হয়েছে। এ ছাড়া তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
নিহতের ভাবি শাহিদা আক্তার বলেন, ‘আমরা মোবাইল ফোনে খবর পাই ইব্রাহীম গোলাগুলির মধ্যে গুলিতে নিহত হয়েছে। এই খবর পেয়ে আমরা হাসপাতালে আসছি। তবে কি ভাবে নিহত হয়েছে তা আমরা সঠিক ভাবে বলতে পারবো না।’
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। সকালে ইব্রাহীমের ফোন থেকে কল করে আমাকে জানানো হয়, পদ্মা সেতুর নাওডোবায় অবরোধ চলাকালে গুলিতে ইব্রাহীম নিহত হয়েছে। পরে তারাই ইব্রাহীমকে একটি অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আমার জানামতে, ইব্রাহীম যুবলীগ করত।’
অন্যদিকে একই ঘটনায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর বাজার সংলগ্ন এলাকার নিজামউদ্দিন মৃধা (৫৫) বা নিজাম উদ্দিন ফকির নামে আরো একজন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, "আমি টিভিতে দেখেছি শরীয়তপুরের জাজিরার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকার সংঘর্ষে নিজাম উদ্দিন আহত হয়ে ঢাকায় নেয়ার পথে মারা গেছে।"
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: জাকারিয়া রহমান বলেন, ‘বিক্ষোভকারীরা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কোনো ধরনের প্রাণহানি যেন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’





