আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে সংবাদ প্রকাশের জেরে মিরু হাসান বাপ্পী (৪৩) নামে এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি, পথরোধ করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
এ ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমান হোসেন পলাশ, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম ভোলা-সহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নিজেই।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সংবাদকর্মী মিরু হাসান বাপ্পী তাঁর ফেসবুক নিউজ পেজে অভিযুক্ত ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করেন। এরপর থেকেই অভিযুক্তরা তাকে মুঠোফোনে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সান্তাহারের পোওতা রেলগেট এলাকায় তার পথরোধ করেন অভিযুক্তরা। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ফেলে লাথি মারা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরদিন ২৮ নভেম্বর সকাল ১০টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে তাকে তুলে নেওয়ার হুমকি দেন। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নিকটবর্তী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংবাদকর্মী মিরু হাসান বাপ্পী।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






