নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলায় এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা ২০২৬ গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার পাঁচটি কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার (২৯ নভেম্বর) বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কাপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।


এছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুর সরকারি রাজৈর কলেজে এবং টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। এবারের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই পরীক্ষা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং ডিসেম্বরের শেষ দিকে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।