নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার সকালে পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। তিনি এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে। দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আইজিপি বলেন, তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের ক্ষেত্রে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। তিনি মামলা তদন্ত বিশেষ করে অপমৃত্যু মামলা দায়িত্বশীলতার সাথে তদন্তের নির্দেশনা প্রদান করেন। তিনি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্তকরণ এবং তামিলের হার বাড়ানোর ওপর জোর দেন।
সভায় গত অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেপ্তারী পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদরদপ্তর প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






