নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. রাজিব (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দুপুর ২টার দিকে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। নিহত মো. রাজিব পেশায় তেল পাম্পের একজন কর্মচারী ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে আসা রায়হান জানান, নিহত রাজিব মোটরসাইকেল চালিয়ে সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারের ওপরে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত রাজিবের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শিকদারবাড়ি এলাকায় এবং তিনি আফতাব শিকদারের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।






