ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনার পর উল্টে যাওয়া ট্রাক


জামালপুর প্রতিনিধি


জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) ও একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল রানা (২০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে, একটি মোটরসাইকেল ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল ও সোহেল রানা নিহত হন। গুরুতর আহত জিয়াউল হককে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।