কেরানীগঞ্জে গ্যাস বন্ধ, হাজারো মানুষের দুর্ভোগ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কয়েক হাজার চরম দুর্ভোগে। আজ রোববার সকালে গ্যাস কর্তৃপক্ষ কালীবাড়ি এলাকায় পরিদর্শন করে। চুনকুটিয়া, কালিগঞ্জ, কদমতলী ও জিনজিরাসহ আশপাশের এলাকায় গ্যাস না থাকায় অনেক পরিবারকে বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ সারতে হচ্ছে। কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, তা নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুভাঢ্যা এলাকার কালিবাড়ি এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, ২৬ নভেম্বর দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা কালীবাড়ি রাস্তায় গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। এই ঘটনা কেরানীগঞ্জ গ্যাস কর্তৃপক্ষকে জানানো হয়। তারা লাইনটি মেরামতের চেষ্টা চালাচ্ছে। গ্যাস বন্ধ থাকায় কয়েক হাজার মানুষ চরমভাবে বেকায়দায় পরে।
কেরানীগঞ্জ (জিনজিরা) গ্যাস অফিসের ম্যানেজার বিধান চন্দ্র জানান, গ্যাসলাইনের পাইপ ফেটে গেলে আমরা ঘটনাস্থলে যাই। পাইপটি রাস্তার গভীরে থাকায় লাইনটি ঠিক করতে সময় লাগছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্যমতে, কেরানীগঞ্জের চুনকুটিয়া কালীবাড়ি রোডে একটি আবাসিক ভবনের পাইলিংয়ের সময় গ্যাসের সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনে লিকেজ দেখা দেয়। বর্তমানে লাইনটি মেরামতে কাজ করছেন তিতাস গ্যাসের কর্মীরা। সড়কের মাটির প্রায় ২০ ফুট গভীরে সঞ্চালন লাইনটিতে লিকেজ শনাক্ত হয়েছে। আশপাশে একাধিক বহুতল ভবন থাকায় খননকাজে মাটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বেইজ পাইলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে মেরামতকাজ চালাতে হচ্ছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সহকারী প্রকৌশলী জসিম ফকির জানান, মেরামতকাজ শেষ করতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে। তবে যত দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।





