জেলা প্রতিনিধি, ফেনী
ফেনীতে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ছোট-বড় বেশ কিছু ইটের টুকরা উদ্ধার করা হয়।
রোববার দুপুরের দিকে সদর উপজেলার ফাজিলপুর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রেলপথে টহল দেওয়ার সময় তাদের আটক করা হয়।
জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ রেলপথ ও রেলওয়ে স্টেশন এলাকায় সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতেও টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, রেলপথে টহল দেওয়ার সময় আনসার সদস্যরা চারজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। পরে তাদের জিজ্ঞাসাবাদে কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে ছোট-বড় বেশ কিছু ইটের টুকরা উদ্ধার করা হলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ফেনী সদর উপজেলার দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইমরান (১৭), ফরহাদনগর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. শাহেদ (১৮), লেমুয়া ইউনিয়নের টঙ্গিরপাড় গ্রামের মো. শাহাজানের ছেলে মো. শাকিল (১৮) এবং একই ইউনিয়নের রাজনগর গ্রামের ইকরামুল হকের ছেলে মো. মহিন (১৮)। তারা সবাই নিজেদের ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন।
আনসার কমান্ড্যান্ট আরো জানান, আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






