মনিরুলের স্ত্রী ও শ্যালককে শোন অ্যারেস্ট দেখিয়েছে দুদক

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলামের স্ত্রী ও এক শ্যালককে শোন অ্যারেস্ট দেখিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার ঢাকায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে গ্রেপ্তারের পর দুদকের করা মামলায় আদালতের অনুমতি নিয়ে তাদের শোন অ্যারেস্ট দেখানো হয়।


তারা হলেন- মনিরুল ইসলামের স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং তার ভাই রেজাউল আলম শাহীন।


রোববার মনিরুল ইসলামের স্ত্রী, স্ত্রীর দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়াকে গ্রেপ্তার করে ডিবি। তাদের মধ্যে সায়লা ফারজানা ও রেজাউল আলম শাহীন দুদকের করা মামলার আসামি। এ কারণে তাদের শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।


অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতি এবং ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেনের অভিযোগে চলতি বছরের ২৬ অক্টোবর মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা, স্ত্রীর ভাই রেজাউল আলম শাহীন এবং রেজাউলের স্ত্রী সানজিদা খানম টুম্পার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে বলে দুদক সূত্রে জানা গেছে।


মামলার এজাহারে বলা হয়েছে, রেজাউল আলম শাহীন, মনিরুল ইসলাম ও সায়লা ফারজানা ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তাঁদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। সব মিলিয়ে এসব হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।


এজাহারে আরও বলা হয়, সানজিদা খানম টুম্পা তার স্বামী রেজাউল আলম শাহীন, স্বামীর বোন সায়লা ফারজানা ও স্বামীর ভগ্নিপতি মনিরুল ইসলামের সঙ্গে যোগসাজশে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৫ কোটি ৩০ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তাদের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৩ কোটি ১০ লাখ ৫৫ হাজার টাকা জমা এবং ২৫ কোটি ৫১ লাখ ৯৮ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এসব হিসাবে মোট ৫৮ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।


মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।