পেছনের তাঁবুতে সন্তান জন্ম দিয়েও মঞ্চে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী
সন্তান জন্ম দেওয়ার পরও মঞ্চে ফিরেছিলেন তিনি। দর্শকেরা অপেক্ষা করছিলেন তার পরিবেশনা দেখার জন্য। তাই মঞ্চের আড়ালে সন্তান জন্ম দিয়ে নবজাতককে কোলে নিয়েই আবার দর্শকের সামনে হাজির হয়েছিলেন ভারতের মহারাষ্ট্রের লোকনাট্যশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকর। কয়েক দশক ধরে গান, নাচ ও অভিনয়ে দর্শক মাতিয়ে ‘তামাশা সম্রাজ্ঞী’ উপাধি পেয়েছিলেন তিনি। এবার তার জীবন উঠে আসছে বলিউডের সিনেমায়।
আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইথা’ নামের মিউজিক্যাল সিনেমাটির। এতে ভিতাবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। লক্ষ্মণ উতেকার পরিচালিত সিনেমাটি যোগীরাজ বাগুলের লেখা মারাঠি বই অবলম্বনে নির্মিত।
১৯৬০-এর দশকে মহারাষ্ট্রের শিখর শিংনাপুর গ্রামে একটি অনুষ্ঠানে পরিবেশনা করছিলেন ভিতাবাই। মঞ্চে থাকা অবস্থায় তার প্রসবব্যথা শুরু হয়। এরপর মঞ্চের পেছনে অস্থায়ী তাঁবুতে সন্তান জন্ম দেন তিনি। এদিকে দর্শকেরা বারবার জানতে চাইছিলেন, ‘ভিথা কোথায়?’ সন্তান জন্মের পর নবজাতককে কোলে নিয়ে মঞ্চে ফিরে আসেন এই শিল্পী। তার মেয়ে ও লোকশিল্পী মঙ্গলা বানসোড়ে বিবিসি মারাঠিকে সেই ঘটনার স্মৃতিচারণা করে বলেন, দর্শকেরা বিস্মিত হলেও পরে অনুষ্ঠান দেখবেন বলে সেদিন ফিরে গিয়েছিলেন।
১৯৩৫ সালে জন্ম ভিতাবাইয়ের। তার মা শান্তা গর্ভাবস্থায়ও স্বামী ভাউয়ের দলের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। মাত্র আট বছর বয়সে একটি নাট্যদলে যোগ দেন ভিতাবাই। ১৩ বছর বয়সে বাবার দলে যুক্ত হয়ে দ্রুতই প্রধান আকর্ষণে পরিণত হন। বাবা ভাউ ও দলের আরেক নেতা বাপুর মৃত্যুর পর স্বামী ও চাচাতো ভাইয়ের সঙ্গে দলের দায়িত্ব নেন তিনি।
মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ভ্রাম্যমাণ লোকনাট্য তামাশার মূল আকর্ষণ গান, নাচ, কৌতুক ও নাটক। এর অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ‘লাবণী’। এতে সংগীত ও নাচের সঙ্গে কখনো দ্ব্যর্থক, কখনো রাজনৈতিক বক্তব্যসমৃদ্ধ কথাও থাকে। ঢোলকির তালে পরিবেশিত এই শিল্পধারায় ভিতাবাই ছিলেন অন্যতম জনপ্রিয় শিল্পী।
১৯৬২ সালে চীনের সঙ্গে ভারতের যুদ্ধের সময় উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় (বর্তমানে অরুণাচল প্রদেশের বড় একটি অংশ) সেনাসদস্যদের জন্য পরিবেশনা করেন তিনি। সন্তান জন্মের মাত্র তিন মাস পর প্রচণ্ড শীত উপেক্ষা করে সেখানে গিয়েছিলেন বলে জানান মঙ্গলা। খ্যাতি পাওয়ার পরও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ভিতাবাই। রাজ কাপুরের মতো নির্মাতারাও তাকে সিনেমায় কাজের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মঞ্চ ছাড়তে চাননি তিনি। কারণ, চলচ্চিত্রে কাজ করলে ব্যক্তিগতভাবে তিনি লাভবান হতেন, কিন্তু তার তামাশার দলের ওপর নির্ভরশীল প্রায় ৫০টি পরিবারের জীবিকা অনিশ্চিত হয়ে পড়ত বলে মনে করতেন।
১৯৮২ সালে স্বামীর কাছ থেকে আলাদা হওয়ার সময় বড় অঙ্কের ঋণের বোঝা ছিল তাঁর ওপর। ১৯৮৬ সালে একটি মারাঠি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, তামাশার এই সম্রাজ্ঞী তখন গণপরিবহনে যাতায়াত করছেন এবং স্বল্প খরচের আবাসনে থাকছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর আর্থিক সংকট কাটেনি। ২০০২ সালের জানুয়ারিতে পুনের একটি হাসপাতালে মারা যান তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের ৫ হাজার ৯০০ রুপি বিলের মধ্যে পরিবার পরিশোধ করতে পেরেছিল মাত্র ৪ হাজার রুপি। পরে সহশিল্পী ও ভক্তদের সহায়তায় তাঁর মরদেহ গ্রামের বাড়ি নারায়ণগাঁওয়ে নেওয়া হয়।
ভিতাবাইয়ের অবদানের স্বীকৃতিস্বরূপ মহারাষ্ট্র সরকার তার নামে আজীবন সম্মাননা পুরস্কার চালু করেছে। এবার ‘ইথা’ সিনেমার মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকেরা তার জীবন ও শিল্পকর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে। সূত্র: বিবিসি




