আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য পাঁচ বছর আগে জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু শোধনাগার নির্মাণ শেষ হয়নি। উল্টো সেই জমিতেই ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। এই বর্জ্য ছড়িয়ে পড়ছে পাশের নাওডাঙ্গা বিল ও ফসলের জমিতে। এতে মাছ ও ধান চাষ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ।


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌরসভার নাওডাঙ্গা বিল এলাকায় গিয়ে দেখা যায়, শোধনাগারের জন্য তৈরি করা স্থাপনার ভিত্তি পড়ে আছে। তার ওপর রয়েছে একটি টিনের ঘর। পাশেই স্তূপ করে রাখা হয়েছে পৌরসভার বর্জ্য। এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে বিল ও ফসলের জমিতে।


জানা গে‌ছে, দেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অর্থায়নে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এজন্য বরাদ্দ ছিল চার কোটি ৫৬ লাখ টাকা। ২০২১ সালে দরপত্রের মাধ্যমে কাজ পায় কুড়িগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম আদিল এন্টারপ্রাইজ। ২০২২ সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। প্রকল্পের জমির অবস্থান পরিবর্তন হওয়ায় নতুন নকশা তৈরি করতে হয়। এতে ব্যয় বাড়ে এক কোটি ৭৩ লাখ টাকা। বাড়তি অর্থের অনুমোদন না পাওয়ায় ঠিকাদারের বিল আটকে যায়। একপর্যায়ে বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। এরপর আর কাজ শুরু হয়নি।


সেখানকার স্থানীয় বাসিন্দা কল্লোল রায় বলেন, একসময় নাওডাঙ্গা বিলের প্রায় ২০ একর জমিতে সমবায় ভিত্তিক মাছ ও আমন ধানের চাষ হতো। এখন বিলটি প্রায় অকেজো। বন্যার পর বিলে আসা মাছও বর্জ্যের কারণে মারা যাচ্ছে।


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নাওডাঙ্গা জামতলা এলাকার চায়ের দোকানি মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, পাঁচ বছর আগে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিন একর ৬০ শতক জমি অধিগ্রহণ করা হয়। পৌরবাসীর স্বার্থে জমি দিলেও এখন সেই জায়গা ময়লার স্তূপে পরিণত হয়েছে। এতে চার গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সাগর মণ্ডল বলেন, জমি অধিগ্রহণ করেছে পৌরসভা। আর শোধনাগার নির্মাণের দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। কাজ শেষ না হওয়ায় বাধ্য হয়ে ওই এলাকাতেই বর্জ্য ফেলতে হচ্ছে। প্রকল্পটি শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এ বিষ‌য়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস. এম. আদিল এন্টারপ্রাইজের কা‌রো স‌ঙ্গে কথা বলা সম্ভব হয়‌নি।


কুড়িগ্রাম জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ বলেন, জমির অবস্থান পরিবর্তনের কারণে নকশা সংশোধন করতে হয়েছে। এতে ব্যয় বে‌ড়ে‌ছে এক কোটি ৭৩ লাখ টাকা। অতিরিক্ত বরাদ্দের জন্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে। ঠিকাদারকে তিন কোটি ১৩ লাখ টাকা বিল দেওয়া হয়েছে। তিনি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার কাজ করেছেন। অতিরিক্ত বিল পরিশোধ করতে না পারায় কাজ বন্ধ রয়েছে।


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এ. টি. এম. আরিফ বলেন, নতুন জায়গায় বালু ভরাট করতে অনেক টাকা প্রয়োজন। এ কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। প্রয়োজনীয় অর্থ একনেকে অনুমোদন হলে কাজ শুরু হবে।