‘গেরিলা হোলাইন রাইখবি, হেগুনের কাম অইবো বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইবো’

এ এইচ এম আফতাব উদ্দিন বিপ্লব


লক্ষ্মীপুর প্রতিনিধি


‘৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো। ধামধুম বাড়িঘর জ্বালাই দিব।’ মোবাইল ফোনে এক ব্যক্তিকে এভাবেই নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত আবু তাহেরের ছেলে এ এইচ এম আফতাব উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে।


শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সালমান হায়দার রাশেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


অন্যদিকে বিপ্লবের দাবি, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।


অডিওতে কী আছে অডিওতে মামুনকে উদ্দেশ করে বিপ্লবকে বলতে শোনা যায়, যখনই দেখা যাবে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হচ্ছে, তখনই বিএনপি-জামায়াতের গোটা দশেক ব্যক্তিকে ধরে মারতে হবে। এর মধ্যে যেসব নাম বলা হয়েছে, তার দু-চারজনকে ফেলে (হত্যা) দিতে দিতে হবে। কারণ, পরে আর এসব ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। ভাইয়ের জন্য মাথা ঠান্ডা রেখে দূর থেকে বসে বসে এটি যেন করা হয়।


জেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি হতে আগ্রহী জানিয়ে অডিওতে তাকে আরও বলতে শোনা যায়, তার জন্য মিছিল করা যাই কিনা, দেখতে হবে। মিছিল বলতে, ব্যানারে তার নাম থাকবে, শেখ হাসিনার নামও থাকবে। শিরোনাম থাকবে- শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু ও তার বাবা আবু তাহেরর ছবি থাকবে।


অডিওর শেষ দিকে বলা হয়- দ্বিতীয় এবং স্থায়ী কাজ হলো পাঁচ-ছয়জন গেরিলা ছেলেপুলে প্রস্তুত করা, তাদের ‘স্টাবলিশ’ করে দেওয়া হবে। তাদের শুধু রক্তপিপাসু মানসিকতার হতে হবে। তবে মনটা থাকতে হবে নরম। মানুষের জন্য প্রেম থাকতে হবে, দলের শৃঙ্খলাও মানতে হবে।


তবে অডিওটির উৎস, কথোপকথনের সময়কাল ও প্রেক্ষাপট এবং এতে বর্ণিত পরিকল্পনা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।


হত্যা মামলায় মৃত্যুদণ্ড, রাষ্ট্রপতির ক্ষমায় সাজা মওকুফ, এরপর কারাগারে বিয়ে- বিভিন্ন সময়ে নানা আলোচিত ঘটনায় সংবাদের শিরোনাম হয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আবু তাহেরের বড় ছেলে এএইচএম আফতাব উদ্দিন বিপ্লব।


দলীয় সূত্রে জানা গেছে, এএইচএম আফতাব উদ্দিন বিপ্লব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা কমিটির সাবেক সভাপতি। তার বাবা প্রয়াত এম এ তাহের (আবু তাহের) ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার ছোট ভাই একেএম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।


আগেও বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন এর আগেও বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন বিপ্লব। ২০২৪ সালের ১৬ এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলুর পক্ষে গণসংযোগে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমার চেয়ে বড় খারাপ লোক এ জেলাতে হয় নাই, হবেও না।’


নতুন তেওয়ারীগঞ্জ বাজারে ওই গণসংযোগের সময় মাইকে দেওয়া তার প্রায় ১১ মিনিটের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বক্তব্যে তাকে ভোটের দিন পর্যন্ত এলাকায় অবস্থান করা, ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং প্রতিপক্ষকে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার কথা বলতে শোনা যায়।


তার ওই বক্তব্য নিয়ে তখন রাজনৈতিক অঙ্গনে সমালোচনা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে বহিরাগত উল্লেখ করে বক্তব্যকে উসকানিমূলক বলে দাবি করেছিলেন। তবে বিপ্লবের দাবি ছিল, তার ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন। নির্বাচনী গণসংযোগে তার সঙ্গে থাকা প্রার্থী ভুলুও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামলার অভিযোগ অস্বীকার করেছিলেন।


হত্যা মামলায় মৃত্যুদণ্ড, পরে রাষ্ট্রপতির ক্ষমা বিপ্লবের অতীতও নানা আলোচিত ঘটনায় ঘেরা। লক্ষ্মীপুরের বহুল আলোচিত বিএনপি নেতা ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় তার নাম আসে। ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়।


এ ঘটনায় করা মামলায় ২০০৩ সালে বিচারিক আদালত বিপ্লবসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।


২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন বিপ্লব। পরে তার বাবা আবু তাহের ছেলের প্রাণভিক্ষা চেয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে আবেদন করেন। ওই বছরের ১৪ জুলাই রাষ্ট্রপতি তার মৃত্যুদণ্ড মওকুফ করেন। পরবর্তী সময়ে কামাল ও মহসিন হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টিও আলোচনায় আসে।