শ্রমিক অসন্তোষের পর গাজীপুর ও সাভারে শান্ত পরিবেশ

নিজস্ব প্রতিবেদক, সাভার ও গাজীপুর প্রতিনিধি


দফায় দফায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের পর গতকাল শুক্রবার গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরেছে। আন্দোলনের ক্ষতি পুষিয়ে ছুটির দিনটিতেও এসব অঞ্চলে ৪১৮টির মতো কারখানা খোলা রাখা হয়।


গতকাল সকাল থেকেই শ্রীপুর, গাজীপুর সদর, কালিয়াকৈর, কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, নাওজোড় ও ভোগড়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে অনেকটা স্বাভাবিক পরিবেশ বিরাজ করতে দেখা যায়। সাধারণ কর্মদিবসে যেসব সড়কে শ্রমিকদের কর্মস্থলে যাওয়া-আসা এবং যানবাহনের ব্যস্ততা থাকে, সেসব এলাকায় এদিন ছিল তুলনামূলক নিরিবিলি পরিবেশ। অধিকাংশ কারখানার প্রধান ফটক বন্ধ থাকলেও কয়েকটির সামনে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। কিছু কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা যায়।।


শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল গাজীপুর শিল্পাঞ্চলের প্রায় ৯০ শতাংশ কারখানায় উৎপাদন বন্ধ ছিল। গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ তিন থেকে চার দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কোনো কোনো কারখানা অনির্দিষ্টকালের জন্যও বন্ধ করে দেওয়া হয়। এর সঙ্গে গতকালের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন বন্ধ ছিল। তবে ১০ শতাংশ বা তিনশর মতো কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন অব্যাহত রাখেন।


কারখানা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে কারখানার সংখ্যা পাঁচ হাজারের বেশি। এর মধ্যে নিবন্ধিত পোশাক কারখানা ২ হাজার ৭১টি। নিয়মিত উৎপাদনে থাকা পোশাক কারখানার সংখ্যা ১ হাজার ৫০০। এর মধ্যে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ৯০০টি।


স্থানীয় বাসিন্দারা জানান, শ্রমিক অসন্তোষের পর আপাতত শিল্পাঞ্চলের সড়কে স্বাভাবিক পরিবেশ ফিরেছে। তবে অধিকাংশ কারখানায় উৎপাদন বন্ধ থাকায় কর্মচাঞ্চল্য পুরোপুরি ফেরেনি। পরিস্থিতি শান্ত থাকলেও সব কারখানায় উৎপাদন কবে স্বাভাবিক হবে, তা নির্ভর করছে পরবর্তী পরিস্থিতির ওপর।


শ্রমিকদের আন্দোলনের মুখে সরকারের গঠিত মজুরি বোর্ড নতুন বেতন ঘোষণা করার পর গাজীপুরের বিভিন্ন এলাকায় অসন্তোষ আরও তীব্র হয়। একপর্যায়ে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। কোথাও শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।


এসব ঘটনার পর শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকালও গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার ফটক ও বিভিন্ন মোড়ে পুলিশ, বিজিবি এবং অন্যান্য বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে সকাল থেকে নতুন করে কোনো বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পুরো দিনই গাজীপুর শান্ত ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা ও মহানগরের ৯০ শতাংশ কারখানা বন্ধ ছিল। ক্ষতি পুষিয়ে নিতে ১০ শতাংশ কারখানায় উৎপাদন অব্যাহত রাখা হয়। সকাল থেকেই শ্রমিকরা এসব কারখানায় কাজে যোগ দেন।


আশুলিয়ায় খোলা ছিল ১১৮টি কারখানা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে গতকাল ১১৮টি পোশাক কারখানা চালু রাখেন মালিকরা। এ তথ্য জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।


একাধিক কারখানার কর্মকর্তারা জানান, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে উৎপাদনে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে রপ্তানি আদেশের পণ্য সরবরাহ নিশ্চিত করতে কারখানা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।


পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও সাভার-আশুলিয়ার ১১৮টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত ছিল। এসব কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।


এর আগে ২০ নভেম্বর উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে সাভার ও আশুলিয়ার ১২৬টি পোশাক কারখানা খোলা রেখেছিলেন মালিকরা।