ইউনূসের সরকার জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলে গেছে: বাসদ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি


বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি করে বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে গেছে। বিএনপি সরকার দাসত্বের এই চুক্তি বাতিল না করে বাস্তবায়ন করে চলেছে।


শুক্রবার বিকেলে চাষাড়ায় শহীদ মিনারে এক জনসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল– বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।


বজলুর রশিদ ফিরোজ বলেন, ওই চুক্তির কারণে দেশের শিল্প, কৃষি, ওষুধ শিল্প ধ্বংস হবে, জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়ছে। ইতোমধ্যে গ্যাস, বিদ্যুৎ, ডিজেলসহ জ্বালানির দাম দফায় দফায় বৃদ্ধি করছে সরকার। লাভজনক চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টারমিনাল বিদেশি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া হয়েছে। ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনি ও সুন্দরবনের আকরাম পয়েন্টে এলএনজি টার্মিনাল নির্মাণের মতো পরিবেশ বিধ্বংসী অপতৎপরতা চালাচ্ছে। এসব চুক্তি ও অপতৎপরতা অবিলম্বে বাতিল করতে হবে।


বাসদের জেলা আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন, দলের ফতুল্লা থানার সদস্য সচিব এসএম কাদির। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ান।


বজলুর রশিদ ফিরোজ আরও বলেন, আমাদের দেশে গভীর সংকট বিরাজমান। বেকারত্ব আকাশচুম্বী, দারিদ্র্য ক্রমবর্ধমান, দ্রব্যমূল্য অসহনীয়। আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। মব সন্ত্রাসী ও উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালন বেড়েছে। নারী-শিশু নির্যাতন, খুন-ধর্ষণ ও মাদকের বিস্তার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সরকার ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা দেশি-বিদেশি লুটেরাদের হাতে নামমাত্র দামে বিক্রি করে দিচ্ছে। সরকারের ভুলনীতি, দুর্নীতি ও অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে পড়ে কৃষক ধান-গম, আলু-পিঁয়াজসহ ফসলের লাভজনক দাম পাচ্ছে না। সার-সেচ, বীজ-কীটনাশকসহ সব কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। বাজারে সার না পেয়ে গুদাম থেকে সার আনতে গিয়ে কৃষক মামলাসহ নানা হয়রানির শিকার। ডেঙ্গু-হামে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।


সমাবেশে নেতারা বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সারা দুনিয়ায় আজ সাম্রাজ্যবাদী শক্তি যুদ্ধ ও আগ্রাসন-লুণ্ঠন চালাচ্ছে। এর কবল থেকে মুক্তি পেতে হলে পুঁজিবাদী দুঃশাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসন, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।