নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার নেয়া কমিয়ে দিচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো। শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যে সৃষ্ট অস্থিরতার জেরে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ায় চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্য উৎপাদন কেন্দ্রগুলোতে সরিয়ে নিয়েছে তারা।
গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নিয়েছে, যার বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে। দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত তৈরি পোশাক খাতের জন্য এটি একটি বড় ধাক্কা, যার প্রভাব বর্তমান অস্থিরতার সময়কাল ছাড়িয়ে দীর্ঘমেয়াদেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরো পড়ুন : পাকিস্তান সফর আমার কাছে গভীরভাবে আবেগঘন : হুম্মাম কাদের চৌধুরী
শিল্পনেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সঙ্কট এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্পব্যয়ে উৎপাদনের সেই সুবিধাকে দুর্বল করে দিয়েছে, যার ওপর ভর করে দেশটি চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক হয়ে উঠেছিল। ফলে বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখন বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-র তথ্যমতে, সাম্প্রতিক বিক্ষোভে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। উল্লেখ্য, দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল।
আরো পড়ুন : ভারতীয় সংবাদমাধ্যমের মিথ্যাচার বাংলাদেশকে যেভাবে আরো ঐক্যবদ্ধ করেছে
ক্রয়াদেশ সরে যাওয়ার এই ঘটনায় ভারত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তবে সরবরাহ চেইনের ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য ডেলিভারি নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে শিল্পনেতারা জানিয়েছেন।
গত বুধবার সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়ার পর এই চাপ আরও তীব্র হয়েছে। যদিও গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার। ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সাথে নতুন করে সংঘর্ষ বাঁধে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ উল্লেখ করে শনিবার থেকে সব শ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করলেও মাঠপর্যায়ের অস্থিরতা পুরোপুরি কাটেনি। শিল্পনেতাদের মতে, এই মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয় সাশ্রয়ের সুবিধা আরো সংকুচিত হয়ে আসবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাক শিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো অনেক কম।
আন্তর্জাতিক ক্রেতাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কারখানা মালিকেরা জানান, চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাদের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। আর এর সিংহভাগই পেয়েছে ভারত। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স। আর এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।
রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পরপরই ভারতের বস্ত্র খাতের শেয়ারের দাম হু হু করে বাড়তে শুরু করে। দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল এবং বর্ধমান টেক্সটাইলের মতো সম্ভাব্য লাভবান প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
বিজিএমইএ পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। তার ভাষায়, এমন এক সময়ে মজুরি বাড়াতে হলো যখন ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে প্রতিযোগিতা আরো তীব্র হচ্ছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করলেও জানান, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্যত্র সরে যাওয়াটা একদিকে যেমন আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করছে, তেমনি বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখতেও সহায়তা করছে।
তবে কারখানা মালিকদের বড় দুশ্চিন্তা হলো, একবার যে ক্রয়াদেশ সরে গেছে, ক্রেতারা নতুন উৎস মূল্যায়ন করতে শুরু করলে ভবিষ্যতের ব্যবসাও হাতছাড়া হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য সঙ্কটের কারণে প্রকট হওয়া দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে এবং অনেক কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য করছে।
মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে দ্রুত ডেলিভারি বা পণ্য পৌঁছানোর সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পৌঁছানোর চাপে থাকলে ব্র্যান্ডগুলোর কাছে দাম গৌণ হয়ে দাঁড়ায়। তার তথ্যমতে, বাংলাদেশের চেয়ে ভারত প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য ডেলিভারি দিতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেখানে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও ডেলিভারি সম্পন্ন করতে পারে, সেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।
চলমান অস্থিরতায় ঢাকা ও এর আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়ে বড় ধরনের জট বা ‘ব্যাকলগ’ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে অনেক কারখানা এখন ওভারটাইম এবং ব্যয়বহুল আকাশপথে (এয়ার ফ্রেইট) পণ্য পাঠানোর কথা ভাবছে।
ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, গত ১ নভেম্বর থেকে তার বেশিরভাগ ক্রেতা নতুন অর্ডার দেয়া বন্ধ রেখেছেন এবং জানিয়েছেন যে আগের অর্ডারগুলো সরিয়ে নেয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করে তারা বিকল্প ব্যবস্থা করে নিয়েছেন।
এর পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাও ভবিষ্যতে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। শিল্পনেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফেরানো এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে। তার মতে, সাময়িক এই স্থানান্তর যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে রূপ না নেয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প খোলা রয়েছে এবং অস্থিরতা চলতে থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।






