মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

দেশে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে এবং জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শুক্রবার বিকেল ৪টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় প্রতিবাদী কর্মসূচির পরিবেশ সৃষ্টি হয়।

মিছিলে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সিসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জনশান্তি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে দেশে চলমান সন্ত্রাস, স্বৈরাচার ও নৈরাজ্যের প্রতিবাদের পাশাপাশি জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর আহ্বান তুলে ধরা হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদী অবস্থান জানান দেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।