সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

সেন্টমার্টিন দ্বীপ। ফাইল ছবি


কক্সবাজার ও টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি


কক্সবাজারের সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।


প্রাপ্ত তথ্যমতে, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার সময় চিংড়ি খান ইব্রাহিম। এরপর হঠাৎ অস্থিরতা ও শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। আগে থেকেই তার অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।


পরে তাকে সেন্টমার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন।


বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে তাকে টেকনাফে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান সায়েম।


নিহত ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম বলেন, দুপুরে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইব্রাহিম। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বন্ধুকে বাঁচানো যায়নি। একসঙ্গে তিন বন্ধু ভ্রমণে এসেছিলাম। কিন্তু বন্ধুর লাশ নিয়ে ফিরতে হবে, কখনো ভাবিনি।


এ বিষয়ে সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, দুপুরে দুই ব্যক্তি অসুস্থ অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফে রেফার করা হয়। তার সঙ্গে আসা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, রান্না করা চিংড়ি খাওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল।


এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি।