নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি সংরক্ষণে ইসরায়েলি সামরিক বাহিনী অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহার করছে বলে খবর প্রকাশিত হয়েছে। অধিকারকর্মীদের মতে, এটি ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় মার্কিন প্রযুক্তির গভীর সম্পৃক্ততার একটি বড় প্রমাণ। মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকদের তথ্যমতে, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি, গতিবিধি অনুসরণ এবং হত্যার কাজে ইসরায়েল গুগল, প্যালান্টির ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তা গ্রহণ করছে।
প্যালান্টির ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। অন্যদিকে, মাইক্রোসফটের আজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের ফোনে আড়ি পেতে সংগ্রহ করা কথোপকথনের রেকর্ড সংরক্ষণ করা হয়েছে, যা বিমান হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় গুগল ও অ্যামাজন ইসরায়েলি বাহিনীকে উন্নত মুখ শনাক্তকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতা সরবরাহ করছে। এনভিডিয়াও ইসরায়েলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংস্থা সেভেনআমলেহর জালাল আবুখাতের জানান, ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের প্রায় সবকিছুই এখন নজরদারির আওতাধীন। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজ ২০২৫ সালের জুলাইয়ে জানান, প্যালান্টির ইসরায়েলি বাহিনীকে অপরাধের পূর্বাভাসভিত্তিক পুলিশি প্রযুক্তি ও এআই প্ল্যাটফর্ম সরবরাহ করেছে বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে। তবে প্যালান্টির যুদ্ধাপরাধে সহায়তা বা ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’ নামক লক্ষ্যবস্তু শনাক্তকরণব্যবস্থা তৈরির অভিযোগ অস্বীকার করেছে।
ফাঁস হওয়া নথি অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী ২০২৩ সালের আগস্ট থেকে ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহারের সুযোগ কিনতে শুরু করে এবং গাজায় যুদ্ধ শুরুর পর এর ব্যবহার বহুগুণ বেড়ে যায়। তবে ওপেনএআই জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো সরাসরি চুক্তি নেই। এদিকে, ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০-এর সাবেক ও বর্তমান প্রায় ১ হাজার ৪০০ সদস্য বর্তমানে মাইক্রোসফট, এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, যা স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন তুলেছে।
মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক নজরদারির জন্য তাদের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ তারা তদন্ত করেছেন এবং তদারকি ব্যবস্থা শক্তিশালী করেছেন। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) মুখপাত্র জানান, তারা গ্রাহকদের গোপনীয়তাকে সম্মান করেন এবং গ্রাহকসংশ্লিষ্ট কার্যক্রমকে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা ভিত্তিহীন। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরায়েলের সামরিক বাহিনী কোনো সাড়া দেয়নি।





