নিজস্ব প্রতিবেদক

ভারতের বিহার রাজ্যের মোকামা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বাহুবলী নেতা হিসেবে পরিচিত অনন্ত সিংয়ের ছোট কন্যা শিবাঙ্গীর বিয়েতে নজিরবিহীন রাজকীয় আয়োজন ও বৈভবের প্রদর্শনী দেখা গেছে। বিহারের রাজধানী পাটনা থেকে ৯০ কিলোমিটার দূরে গঙ্গাতীরবর্তী মোকামার নাদোয়ান গ্রামে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় চার থেকে পাঁচ লাখ অতিথির জন্য ভোজের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ৩০ লাখ রসগোল্লা ও ৫০ লাখ গুলাব জামুনসহ প্রায় দেড় শ পদের খাবার পরিবেশন করা হয়।


বিয়ের মণ্ডপ সাজাতে ১০ বিঘা জমি ব্যবহার করা হয়, যেখানে নিউজিল্যান্ডের টিউলিপসহ দুবাই ও চীন থেকে আনা বিভিন্ন প্রজাতির গাছ ও ফুল ব্যবহৃত হয়েছে। ভিআইপি অতিথিদের যাতায়াতের জন্য ছয়টি হেলিপ্যাড তৈরি করা হয় এবং বরযাত্রী হিসেবে ১৫১টি গাড়ি বহর অংশ নেয়। এই বিশাল আয়োজনের কারণে ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারকেও দীর্ঘ সময় আটকে থাকতে হয়।


অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং, বিজেপির সাবেক সংসদ সদস্য ব্রিজ ভূষণ শরণ সিং, আরজেডি নেতা ও সাবেক সংসদ সদস্য সাধু যাদব এবং বিজেপি নেতা রামকৃপাল যাদবসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া অনন্ত সিংয়ের এক ‘জেলবন্ধু’ ১০টি বন্দুক ও ৫০০ রাউন্ড গুলি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনার জন্ম দেন। অনুষ্ঠানে মুম্বাই ও দিল্লির নামী সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং নাচ-গানের আসরে বিপুল পরিমাণ নগদ অর্থ বিলানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


অনন্ত সিংয়ের জামাতা হৃষিকেশ কুমার ১১ বছর ধরে আমেরিকাপ্রবাসী এবং এমবিএ ডিগ্রিধারী। তাঁর বাবা রণবিজয় কুমার সিং সিআরপিএফ কমান্ড্যান্ট। অনন্ত সিং তাঁর জামাতাকে উপহার হিসেবে সাড়ে তিন কোটি টাকা মূল্যের একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি, ১০০ গ্রাম ওজনের সোনার চেইন ও ৮০ গ্রাম ওজনের সোনার ব্রেসলেট দিয়েছেন।


উল্লেখ্য, অনন্ত সিং বর্তমানে একটি হত্যা মামলায় জামিনে রয়েছেন এবং ১ ডিসেম্বর তাঁকে পুনরায় কারাগারে ফিরে যেতে হবে। ভারতের দরিদ্রতম রাজ্য বিহারে এই ধরনের অর্থ ও ক্ষমতার প্রদর্শন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইলসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সমালোচনা ও বিস্ময় প্রকাশ করা হয়েছে। বিরোধীরা এই বিপুল ব্যয়ের উৎসের তদন্ত দাবি করেছেন। তবে অনন্ত সিংয়ের দাবি, যারা তাঁকে ভালোবাসেন, তাঁরাই এই বিয়েতে আমন্ত্রিত এবং জনসাধারণই তাঁর কাছে ঈশ্বর।