নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল মুদ্রার জগতে মাইনিং বলতে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির লেনদেন যাচাই এবং নতুন মুদ্রা তৈরির একটি প্রক্রিয়াকে বোঝায়। প্রচলিত অর্থে খনি থেকে সোনা উত্তোলনের সঙ্গে এর কিছুটা মিল থাকলেও, ক্রিপ্টোকারেন্সি মাইনিং মূলত একটি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া।
ক্রিপ্টোকারেন্সি মাইনিং হলো বিশেষায়িত কম্পিউটার ব্যবহার করে 'প্রুফ অব ওয়ার্ক' (PoW) পদ্ধতির ব্লকচেইনে নতুন ব্লক যুক্ত করার প্রক্রিয়া। এর মাধ্যমে একগুচ্ছ লেনদেন যাচাই করে ব্লকচেইনে সংরক্ষণ করা হয় এবং সংশ্লিষ্ট ব্লকচেইনের নিয়ম অনুযায়ী নতুন ডিজিটাল মুদ্রাও তৈরি হতে পারে।
প্রুফ অব ওয়ার্ক পদ্ধতিতে নতুন ব্লক যুক্ত করার জন্য মাইনারদের জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। এ কাজে তাঁরা বিপুল কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করেন। মাইনারদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে যিনি সবার আগে সঠিক সমাধান খুঁজে পান, তিনি ব্লকচেইনে নতুন ব্লক যুক্ত করার সুযোগ পান। পুরস্কার হিসেবে তিনি ওই ব্লকের লেনদেন ফি এবং নতুন তৈরি হওয়া ক্রিপ্টোকারেন্সি পেয়ে থাকেন।
মাইনিংয়ের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং ক্ষমতার একক হলো 'হ্যাশ রেট'। প্রতি সেকেন্ডে একটি কম্পিউটার কতবার হ্যাশ তৈরি করতে পারে, তা দিয়ে এই হার নির্ধারণ করা হয়। হ্যাশিং হলো একটি ক্রিপ্টোগ্রাফিক প্রক্রিয়া, যার মাধ্যমে লেনদেনের তথ্যসহ বিভিন্ন উপাত্তকে নির্দিষ্ট দৈর্ঘ্যের অক্ষর ও সংখ্যার সমন্বয়ে একটি সংকেতে রূপান্তর করা হয়, যাকে হ্যাশ বলা হয়।
মাইনিংয়ের কাজে সাধারণ কম্পিউটারের পরিবর্তে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট (ASIC) এবং গ্রাফিকস প্রসেসিং ইউনিট (GPU)-এর মতো বিশেষায়িত হার্ডওয়্যার ব্যবহৃত হয়, যা দ্রুত ও কার্যকরভাবে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম।
ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বিকেন্দ্রীকরণ। কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে লেনদেন যাচাইয়ের কাজ পরিচালিত হয় না; বরং নেটওয়ার্কের বিভিন্ন অংশগ্রহণকারী সম্মিলিতভাবে লেনদেন যাচাই করেন, যা ব্লকচেইনের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে সহায়তা করে।






