নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ আলমগীর হোসেনের (৪৬) মরদেহ রজতরেখা নদীতে ভেসে উঠেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি ভেসে থাকতে দেখে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তা উদ্ধার করে। এ নিয়ে বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল দুজনে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে চৈতারচর গ্রামে মেঘনার শাখা রজতরেখা নদী সাঁতরে তীরে ওঠার সময় নিখোঁজ হন আলমগীর হোসেন। দুই দিন পর শনিবার সকালে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন।
পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, এলাকায় আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির বিবদমান আওলাদ হোসেন ও রহিম মোল্লার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. সেলিমকে (৩৫) উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে আব্দুর রহিম নামে চার বছরের এক শিশু গুরুতর আহত হয়। আশুরান গ্রামের শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ককটেল ও রাবার বুলেটের স্প্লিন্টার বিদ্ধ হয়। এতে তার পেটের একটি অংশ ফুটো হয়ে যায়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানান, সংঘর্ষে গুরুতর আহত শিশু আব্দুর রহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লা। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন।
বিএনপির একাধিক সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনে এক পক্ষ থেকে আওলাদ হোসেন এবং অপর পক্ষ থেকে রহিম মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এর আগে গত ১২ নভেম্বর বিএনপির এই দুই পক্ষ অস্ত্রশস্ত্র ও ককটেল নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় গুলিবিদ্ধ চারজনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া গত বছরের নভেম্বরে দুই পক্ষের বিরোধের জেরে তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
বৃহস্পতিবারের সংঘর্ষের বিষয়ে বিএনপি নেতা আওলাদ হোসেন বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তারা এলাকাছাড়া ছিলেন। এক মাস আগে তার লোকজন এলাকায় ফিরেছেন। এরপর থেকে রহিম মোল্লার লোকজন তাদের ওপর একের পর এক হামলা চালাচ্ছেন। বৃহস্পতিবার ভোরে তার লোকজন নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় রহিম মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা করেছেন। এ ছাড়া একজন নিখোঁজ রয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে রহিম মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার পক্ষের নেতা ও মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এলাকায় নেই। সংঘর্ষের বিষয়ে কিছুই জানেন না বলেও দাবি করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। বর্তমানে অভিযান চলছে।






