নিজস্ব প্রতিবেদক

শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন তিনি। তবে শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।


শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সারাদেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন।


শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তার সঙ্গে একমত হয়ে বলছি, প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। তাই আপনাদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। তবে আপনারা ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না। এনটিআরসিএর বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যার সমাধান আমরাই করব। এসব সমস্যা সমাধানের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য আমরা প্রতিটি মুহূর্তে আপ্রাণ চেষ্টা করছি।


তিনি আরো বলেন, গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে চলেছে নৈরাজ্য।


শিক্ষামন্ত্রী বলেন, গত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। এখন দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।


তিনি বলেন, বর্তমান সরকার এখন আর শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।


মন্ত্রী আরো বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।


এ সময় আগামী দিনের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।