নির্যাতনকারীদের আর মেনে নেবে না জনগণ

শামীম কায়সার লিংকন


গাইবান্ধা প্রতিনিধি


| প্রিন্ট সংস্করণ


গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব দল-মত, শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ রয়েছেন বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব শক্তি, দল-মত, শ্রেণি-পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি। যারা শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন করেছে, আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে, তাদের বাংলাদেশের জনগণ আর কোনো দিন মেনে নেবে না।’


গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা শহরের সার্কুলার রোডে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জে আগমন উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


প্রতিমন্ত্রী বলেন, নির্মম নির্যাতনের ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি। যারা মানুষের ওপর এমন বর্বর নির্যাতন চালিয়েছে, তাদের আর বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। সভায় ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।