নিজের জমির ধান কাটেননি গুদামে দিলেন তিন টন

নওগাঁ প্রতিনিধি


| প্রিন্ট সংস্করণ


নিজের জমির আমন ধান এখনও কাটেননি। অথচ সেই জমির ফসল দেখিয়ে সরকারি খাদ্যগুদামে সরবরাহ করেছেন তিন টন ধান। ধান বিক্রির আবেদনপত্র ও কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্রেও নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর। প্রত্যয়নপত্র দেওয়ার কথা অস্বীকার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। নওগাঁর বদলগাছী উপজেলা খাদ্যগুদামে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী দিনে এমন অনিয়মের ঘটনা ঘটেছে। তবে খাদ্যগুদাম কর্মকর্তা বলছেন, তিনি ইউএনও এবং কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে ধান নিয়েছেন।


গত শুক্রবার বদলগাছী খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওই দিনই সদর ইউনিয়নের সোহাসা গ্রামের আজাদ আলীর ছেলে রেজওয়ান হোসেন সবুজ তিন টন ধান সরবরাহ করেন। তবে ধানের উৎস, জাত এবং সরবরাহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রশ্ন দেখা দেয়।


ধানের জাত সম্পর্কে জানতে চাইলে রেজওয়ান হোসেন সবুজ সেটিকে ‘মোটা ধান’ বলে উল্লেখ করেন। তবে নির্দিষ্ট কোনো জাতের নাম বলতে পারেননি। নিজের জমির ধান কেটেছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘জমিতে ধান লাগিয়েছি, এখনও কাটিনি।’ নিজের জমির ধান না কেটেই কীভাবে তিন টন ধান গুদামে সরবরাহ করেছেন, সে প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। ঘটনার সত্যতা যাচাইয়ে গতকাল শনিবার সরেজমিন সোহাসা গ্রামে রেজওয়ান হোসেন সবুজের বাড়িতে গেলে সেখানে তাঁর মা মাহফুজা বেগম জানান, চলতি আমন মৌসুমে তাদের দুই বিঘা জমিতে ‘আতব ধানের’ চাষ হয়েছে। আর মোটা ধান লাগানো হয়েছে ১৫ কাঠা জমিতে। তবে এখন পর্যন্ত কোনো জমির ধানই কাটা হয়নি।


ওই গ্রামের বাসিন্দা সুজন, বেলাল, মোস্তাফিজুরসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, সবুজ ও তাঁর বাবা আজাদ আলীর নিজস্ব জমির পরিমাণ আনুমানিক দুই বিঘা। স্থানীয়দের বক্তব্য এবং সবুজের নিজের স্বীকারোক্তির পর গুদামে সরবরাহ করা তিন টন ধানের প্রকৃত উৎস নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। খাদ্যগুদাম কার্যালয়ে খোঁজ নিয়ে সবুজের নামে তিন ধরনের কাগজপত্র পাওয়া গেছে। এগুলো হলো–উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতির বরাবর ধান বিক্রির আবেদনপত্র, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের একটি প্রত্যয়নপত্র এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি। তবে আবেদনপত্র ও কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রত্যয়নপত্র–কোনোটিতেই সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ছিল না। স্বাক্ষরবিহীন এসব কাগজের ভিত্তিতে কীভাবে সরকারি খাদ্যগুদামে ধান গ্রহণ করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নথিগুলো যথাযথভাবে যাচাই করা হয়েছিল কিনা, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।


এদিকে গুদামে সরবরাহ করা ধান ‘গুটি স্বর্ণা’ জাতের এবং তা খোলাবাজার থেকে কেনা–এমন অভিযোগও উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ধানের কিছু অংশ কালো ও চিটাযুক্ত। সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত মান ও আর্দ্রতার শর্ত পূরণের বাধ্যবাধকতা রয়েছে। সে ক্ষেত্রে সরবরাহ করা ধান কীভাবে মান যাচাইয়ের প্রক্রিয়া অতিক্রম করল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষকরা। ধান সংগ্রহের উদ্বোধনী দিনেই এমন অভিযোগ ওঠায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, একটি অসাধু চক্র খোলাবাজার থেকে কম দামে ধান কিনে কথিত কৃষকের নামে সরকারি গুদামে সরবরাহ করছে। এতে প্রকৃত কৃষকরা সরকারি নির্ধারিত দামে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। স্বাক্ষরবিহীন কাগজপত্রের ভিত্তিতে ধান গ্রহণের বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আতিকুর রহমান বলেন, ‘আমি ইউএনওকে বলেছি এবং কৃষি অফিসারের সঙ্গে কথা বলেই ধান নিয়েছি।’ এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয় কয়েকজন কৃষক ও বাসিন্দার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আপনার অযৌক্তিক কথা। কৃষক আমার কাছে বলেছে, তিনি নিজে দিতে এসেছেন। আপনার কাছে কী বলেছে, সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার।’ গত শুক্রবার ওই তিন টন ধান গুদামে ঢুকানোর মাধ্যমে ধান সংগ্রহ অভিযান শুরু হয়। এরপর গতকাল শনিবার পর্যন্ত আর কোনো ধান ঢুকানো হয়নি বলে জানান তিনি।


প্রত্যয়নপত্রের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারিভাবে কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামে আমন ধান সংগ্রহের জন্য আমি এখন পর্যন্ত কোনো কৃষককে কোনো প্রত্যয়ন দিইনি। এ বিষয়ে আমার সঙ্গে কারও কোনো কথাও হয়নি।’ গত শুক্রবার উদ্বোধনী দিনে তিন টন ধান সরবরাহকারী সবুজ তাঁর কাছে কোনো আবেদন করেছিলেন কিনা, জানতে চাইলে উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, ‘আমার বরাবর কোনো আবেদন করেনি। এটা কৃষি অফিসারের কাছে করতে হয়। এরপর কৃষি কর্মকর্তার প্রত্যয়ন নিয়ে ধান দিতে হয়।’ খাদ্যগুদামে সবুজের নামে ইউএনওর বরাবর একটি আবেদনপত্র, কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র ও এনআইডির ফটোকপি পাওয়া গেছে এবং আবেদন ও প্রত্যয়নপত্রে স্বাক্ষর নেই–এমন তথ্য জানানো হলে ইউএনও বলেন, ‘ঠিক আছে, দেখতে হবে। দেখে বলতে হবে।’