আলজাজিরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ না হতে ইরাককে সতর্ক করেছে ইরান। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ওপর যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। তেল চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ইরাক যখন সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করছে, তখন এ সতর্কবার্তা দিল ইরান।
ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার গত শনিবার বাগদাদকে এ বিষয়ে সতর্ক করেন। সীমান্তসংক্রান্ত বিষয়ে ইরাকি কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ হওয়া উচিত নয় ইরাকের।
এ সময় ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি ইরান সফরে ছিলেন। তেহরানে তিনি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে রেজায়ি বলেন, বিদেশিদের ইরান ও ইরাকের অর্থনৈতিক সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া উচিত নয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার এ বক্তব্য প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।
জবাবে কাসিম আল-আবুদি ওই চুক্তির প্রতি বাগদাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরাক তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশের ওপর হামলা চালানোর সুযোগ দেবে না।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধের প্রভাব বাড়াতে দেশটির স্থলপথে বাণিজ্যও সীমিত করার চেষ্টা করছে। এর মধ্যেই দুই দেশের নিরাপত্তা কর্মকর্তাদের এ বৈঠক হলো।
চলতি মাসের শুরুর দিকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন আলজাজিরাকে জানিয়েছিলেন, ইরানের সঙ্গে থাকা দুটি ছাড়া বাকি সব সীমান্ত পারাপারের পথ বন্ধ করতে বাগদাদকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
তেহরান থেকে আলজাজিরার সংবাদদাতা আমের লাফি জানান, সীমান্ত পারাপারের পথ আরো বন্ধ করে দেওয়ার সম্ভাবনা ইরানি কর্মকর্তাদের জন্য বড় উদ্বেগের বিষয়। কারণ, স্থলপথে বাণিজ্যের ওপর ইরানের নির্ভরতা বাড়ছে।
আমের লাফি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর বিকল্প হিসেবে ইরান স্থলসীমান্ত ব্যবহার করতে শুরু করেছে। ওয়াশিংটনের অনুরোধ কার্যকর হলে ইরানের সঙ্গে ইরাকের মাত্র দুটি সীমান্ত পারাপারের পথ খোলা থাকবে। এর একটি ইরাকের আধা স্বায়ত্তশাসিত উত্তরাঞ্চলীয় কুর্দি এলাকায় এবং অন্যটি কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণে।
‘সার্বভৌমত্বের বিষয়’
ইরানের উপদেষ্টা মোহাম্মদ মোখবারের বক্তব্যের জবাবে ইরাক সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি বলেছেন, বাগদাদ প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে। তবে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না।
আল-হাদাস টেলিভিশনকে তিনি বলেন, ইরাকের ভূখণ্ডে যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলো প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়।
তিনি আরো বলেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সীমান্ত পারাপারের পথ ও আকাশপথের যোগাযোগ চালু রাখতে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতা করেছে।
হায়দার আল-আবুদি বলেন, এসব সীমান্ত পারাপারের পথ পরিচালনা করা ইরাকের সার্বভৌমত্বের বিষয়। এগুলো চালু রাখা বা বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাগদাদের।
তিনি জানান, ইরাকি প্রতিনিধিদলের তেহরান সফরে দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরাক-ইরান সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে।
ইরাকে তেল চোরাচালানবিরোধী অভিযান
তেল চোরাচালান বন্ধে ইরাকের সরকার আরো কঠোর পদক্ষেপ নিয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আল-জাইদির নির্দেশে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা অনানুষ্ঠানিক সীমান্ত পারাপারের পথ বন্ধ করতে শুরু করে ইরাকি কর্তৃপক্ষ। এর মধ্যে উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত কুর্দি এলাকার সীমান্তপথও রয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে আগে কুর্দি কর্তৃপক্ষের পরিচালনায় থাকা কয়েকটি তেলক্ষেত্র ও সীমান্ত পারাপারের পথ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ প্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরাক থেকে ইরানে তেল পাচার করা হচ্ছিল। পরে সেই তেলের সঙ্গে ইরানের তেল মিশিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করা হতো।
ইরাকের এক কর্মকর্তা আলজাজিরাকে জানান, তেল চোরাচালান ঠেকাতে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের কয়েকটি এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। অনানুষ্ঠানিক পথ ব্যবহার করে যাতে তেল পাচার করা না যায়, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ।
এদিকে গত শনিবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সীমান্তবর্তী হাওইজা জলাভূমি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে ৫০ কিলোমিটার দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ এবং সীমান্তে কংক্রিটের নিরাপত্তাচৌকি স্থাপন করা হচ্ছে।
ইরাকের এ অভিযানে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ পদক্ষেপকে কেন্দ্র করে বাগদাদ ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কুর্দি কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রীয় সরকার সংবিধানবিরোধী পদক্ষেপ নিচ্ছে।
বিরোধ মেটাতে আগামী মঙ্গলবার বাগদাদে কেন্দ্রীয় সরকার ও কুর্দি নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।





