হিমাগার থেকে আলু বের করলেই বস্তাপ্রতি লোকসান ৭৫০ টাকা
মুন্সীগঞ্জ শহরের দেওয়ান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে আলু বাছাই করছেন শ্রমিকরা
কাজী সাব্বির আহমেদ দীপু, মুন্সীগঞ্জ
| প্রিন্ট সংস্করণ
গত বছর আলু মজুত করে লোকসানের মুখে পড়া মো. হারুন মিয়া এবার মজুত ছেড়ে খুচরা ব্যবসা করছেন। তিনি বলেন, গত বছর আলুতে অনেক টাকা লোকসান হয়েছে। সেই ঋণের বোঝা এখনও মাথায় রয়েছে। তাই এবার আর ঝুঁকি নিয়ে আলু মজুত করিনি। হিমাগার থেকে আলু কিনে বিভিন্ন আড়তে বিক্রি করছি। এবার মৌসুমের শুরু থেকে বুঝতে পেরেছিলাম, আলুতে এবারও লোকসান হবে। অন্যদিকে আলু ব্যবসায়ী মাহাবুব বলেন, মৌসুমের শুরুতে বস্তাপ্রতি এক হাজার ১০০ টাকা দরে আলু কিনেছিলাম। তারপর সংরক্ষণে হিমাগার ভাড়া ৩০০ টাকা মিলে বস্তাপ্রতি খরচ হয় এক হাজার ৪০০ টাকা। অথচ সেই আলু এখন বিক্রি করছি মাত্র ৬৫০ টাকায়। বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসান। একই কথা জানালেন আলী হোসেন নামে আরেক ব্যবসায়ী। তিনিও এক ৪০০ টাকা বস্তাপ্রতি খরচ করে সেই আলুতে ৭৫০ টাকা লোকসান দিয়ে এখন ৬৫০ টাকা দরে বিক্রি করছেন। আলী হোসেন বলেন, তিন বছর ধরে আলুতে লোকসান করে এখন ঋণের বোঝা মাথায় নিয়ে অন্ধকার দেখছি। এই চিত্র মুন্সীগঞ্জ জেলার। এবারও আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন এ জেলার ছয়টি উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা। অধিক ফলন হওয়ায় বাজারে কাঙ্ক্ষিত দাম মিলছে না। ফলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠাতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা। প্রতি কেজি আলুতে ১৪ টাকা ও বস্তাপ্রতি ৭৫০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের।
হিমাগার খালি করতে হবে এ মাসেই এর মধ্যে হিমাগারে সংরক্ষিত আলু নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ১ ডিসেম্বর হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা শেষ। তার আগেই হিমাগার থাকা আলু সরিয়ে ফেলতে হবে। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে কৃষক ও মজুত ব্যবসায়ীরা প্রায় সাড়ে পাঁচ লাখ টন আলু হিমাগারে সংরক্ষণ করেছিলেন। এর মধ্যে চার লাখ ৭৪ হাজার টন খাবার আলু এবং ৭৬ হাজার টন বীজ আলু। সর্বশেষ ২৮ নভেম্বর পর্যন্ত জেলার হিমাগারগুলোতে এক লাখ ৬৬ হাজার ৪২৪ টন আলু সংরক্ষণ রয়েছে। এর মধ্যে খাবার আলু ৯৭ হাজার ৫১২ টন এবং বীজ আলু ৬৮ হাজার ৯১২ টন। এই বিপুল পরিমাণ আলু কী করবেন, ভেবে দিশেহারা কৃষক ও ব্যবসায়ীরা। লোকসানের সঙ্গে যুক্ত হয়েছে ঋণের বোঝা। সব মিলিয়ে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার আলুচাষি ও ব্যবসায়ীদের পরিবারে বিরাজ করছে হতাশা ও উদ্বেগ।
দেওয়ান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. ইব্রাহিম ও অফিস সহকারী মোহাম্মদ আহসানুল হাবিব জানান, তাদের হিমাগারে এখনও দুই লাখের বেশি বস্তা আলু মজুত রয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে এসব আলু খালাস করা অসম্ভব। এমনকি পুরো ডিসেম্বর মাস সময় দেওয়া হলেও অন্তত এক লাখ বস্তা আলু অবিক্রীত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা জানান, বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লোকসানের পাশাপাশি চড়া বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ খরচ বহন করতে হচ্ছে। এর পরও কৃষক ও ব্যবসায়ীদের লোকসানের চিন্তা করে সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সম্ভাব্য ক্ষতি ১৩৭ কোটি টাকা বর্তমানে মুন্সীগঞ্জে পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা দরে। খুচরা বাজারে একই আলুর দাম ১৮ থেকে ২০ টাকা। তবে পাইকারদের কাছে আলু বিক্রি করায় কৃষকরা খুচরা বাজারের বাড়তি দামের কোনো সুবিধা পাচ্ছেন না। কৃষকদের হিসাবে, প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১৬ থেকে ১৮ টাকা। এর সঙ্গে পরিবহন, শ্রমিকের মজুরি ও হিমাগার ভাড়া যোগ করলে খরচ দাঁড়ায় ২৬ থেকে ২৭ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ১৩ থেকে ১৪ টাকায়। ফলে প্রতি কেজিতে লোকসান হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা।
জেলায় বর্তমান বাজারদর ও প্রতি কেজিতে লোকসানের হিসাব বিবেচনায় শুধু খাবার আলুতে (মজুত ৯৭ হাজার ৫১২ টন) সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১২৬ কোটি ৭৭ লাখ থেকে ১৩৬ কোটি ৫২ লাখ টাকা। বর্তমান পরিস্থিতিতে বিগত বছরের মতো এবারও আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১১ লাখ ১২ হাজার ৯৩২ টন আলু। জেলায় আলু সংরক্ষণের জন্য ৭৪টি হিমাগারের মধ্যে সচল থাকা ৬০টির ধারণক্ষমতা পাঁচ লাখ ৬০ হাজার টন। ফলে উৎপাদিত আলুর অর্ধেকেরও বেশি সংরক্ষণের বাইরে থেকে যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান বলেন, মৌসুমের শুরুতে জেলার হিমাগারগুলোতে প্রায় সাড়ে পাঁচ লাখ টন আলু মজুত ছিল। বর্তমানে রয়েছে এক লাখ ৬৬ হাজার ৪২৪ টন। তিনি বলেন, বর্তমানে আলুর দাম কম, তাই কৃষকের লোকসান কমাতে আলু নিয়ে করণীয় বিষয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।





