নিজস্ব প্রতিবেদক

শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।


এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে পুনরায় বৈঠক হতে পারে বলে জানানো হয়েছে।


এদিকে, ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ এবং পরবর্তী শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ও নম্বরবণ্টন চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। আজকের বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় প্রার্থীদের অপেক্ষার সময় আরও দীর্ঘ হলো।