নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনে সপ্তম ও নবম গ্রেডের দুই ক্যাটাগরির পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯টি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে।


নিয়োগের ক্ষেত্রে প্রথম পদটি হলো কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস/অ্যানেসথেসিয়া/শিশুস্বাস্থ্য)। এই পদে বেতন স্কেল ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা (৭ম গ্রেড)। আবেদনের জন্য প্রার্থীকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে, যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমডি, ডিসিএইচ, এমসিপিএস বা সমমানের ডিগ্রি এবং মেডিক্যাল অফিসার হিসেবে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।


দ্বিতীয় পদটি হলো মেডিক্যাল অফিসার (পুরুষ/নারী)। এই পদে বেতন স্কেল ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (৯ম গ্রেড)। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকা আবশ্যক। এই পদের জন্য ২৪ নভেম্বর ২০২৬ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।


আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। উভয় পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান কার্যক্রম ২৪ নভেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে শুরু হয়েছে এবং ৪ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।