নিজস্ব প্রতিবেদক
বর্তমান বিরূপ পরিস্থিতিতে নির্মাণসামগ্রী শিল্প নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানান আসাদুল হক সুফিয়ানী। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের অস্থিরতা এবং জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচে বড় চাপ তৈরি হয়েছে। অথচ চাহিদা কমে যাওয়ায় পণ্যের দাম সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় মূল চ্যালেঞ্জ হলো উৎপাদন সক্ষমতার সঠিক ব্যবহার ও নগদ অর্থের প্রবাহ সচল রাখা এবং খরচ কমানোর পাশাপাশি উৎপাদন–দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো।
অর্থনৈতিক ও প্রকল্পে ধীরগতির প্রভাব প্রসঙ্গে আসাদুল হক সুফিয়ানী জানান, সরকারি ও বেসরকারি নির্মাণকাজে ধীরগতির কারণে চাহিদা সরাসরি কমেছে, ফলে কারখানার স্থায়ী ব্যয় ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী উৎপাদন পরিকল্পনা ও সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়ানো হচ্ছে এবং বিপণনে কেবল বিক্রয়ের বদলে গ্রাহকের আস্থা অর্জন ও দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ক্লিংকারের উচ্চ মূল্য ও ঘাটতি মোকাবিলায় আকিজ সিমেন্টের কৌশল সম্পর্কে তিনি বলেন, মান অক্ষুণ্ন রেখে পরিচালন–দক্ষতা ও জ্বালানি সাশ্রয় বাড়ানোই তাদের মূল কৌশল। আকিজ সিমেন্টের বড় স্বাতন্ত্র্য হলো ফ্লাই অ্যাশের বদলে প্রক্রিয়াজাত আয়রন স্ল্যাগের ব্যবহার, যা কংক্রিটের ঘনত্ব বাড়ায় এবং রডের ক্ষয় রোধ করে। সস্তা দামের প্রতিযোগিতায় না গিয়ে স্থাপনার দীর্ঘমেয়াদি স্থায়িত্বের মাধ্যমে গ্রাহকের বিনিয়োগের প্রকৃত মূল্য নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।
পরিবেশবান্ধব নির্মাণে প্রযুক্তির সংযুক্তি বিষয়ে আসাদুল হক সুফিয়ানী জানান, ইস্পাতশিল্পের উপজাত ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ ব্যবহারের ফলে ক্লিংকারের ওপর নির্ভরতা ও কার্বন নিঃসরণ কমে এবং কংক্রিটের দীর্ঘমেয়াদি শক্তি বাড়ে। গবেষণার মূল লক্ষ্য জ্বালানির দক্ষতা ও কংক্রিটের স্থায়িত্ব বাড়ানো, কারণ একটি স্থাপনা যত দীর্ঘস্থায়ী হবে, পুনর্নির্মাণ ও বাড়তি সম্পদ ব্যবহারের প্রয়োজন তত কমবে।
মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি উল্লেখ করেন যে ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমলেও নির্মাণসামগ্রীর মানের সঙ্গে মানুষের জীবন ও নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকায় এখানে আপসের কোনো সুযোগ নেই।
শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য চারটি জরুরি নীতিগত পদক্ষেপের কথা তুলে ধরে আসাদুল হক সুফিয়ানী জানান, সরকারি অবকাঠামো প্রকল্পগুলো গতিশীল করা এবং ঠিকাদারদের বকেয়া বিল দ্রুত পরিশোধ করা প্রয়োজন। এ ছাড়া কাঁচামাল আমদানিতে ডলারের প্রাপ্যতা, যৌক্তিক শুল্ক–কর কাঠামো, নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য নীতিমালা, সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি এবং মান নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগে নীতিগত প্রণোদনা দেওয়া জরুরি।
নির্মাণ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের আগামী দিনের নিরাপদ, আধুনিক ও টেকসই অবকাঠামো নির্মাণের অংশীদার হতে চায় আকিজ সিমেন্ট। নগরায়ন ও অবকাঠামো উন্নয়নের কারণে এ খাতের দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে তারা আশাবাদী এবং ভবিষ্যতে নতুন পণ্য, ডিজিটাল প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ নির্মাণ সমাধানের ব্যবস্থা গড়ে তুলতে দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা ও জ্ঞান বিনিময়ের সেতুবন্ধ তৈরি করা হচ্ছে।






